ওয়ানডে ক্রিকেটে দীর্ঘতম ক্যারিয়ারের বিশ্ব রেকর্ড নিজের করে নিয়েছেন জিম্বাবুয়ের উইকেটরক্ষক-ব্যাটার ব্রেন্ডন টেইলর। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নেমে ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে গেছেন তিনি।
হারারেতে মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে মাঠে নামার সময় টেইলরের ওয়ানডে ক্যারিয়ারের বয়স দাঁড়ায় ২২ বছর ১৪৬ দিন। এর আগে ২২ বছর ৯১ দিন ওয়ানডে খেলে এই রেকর্ডের মালিক ছিলেন টেন্ডুলকার।
টেন্ডুলকার ১৯৮৯ সালের ১৮ ডিসেম্বর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেক করেন। ২০১২ সালের ১৮ মার্চ মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের শেষ ওয়ানডে খেলেন ভারতের এই কিংবদন্তি।
অন্যদিকে টেইলর ২০০৪ সালের ২০ এপ্রিল বুলাওয়েতে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে অভিষেক করেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল ওয়ানডেতে তার ২০৮তম ম্যাচ।
টেইলরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অবশ্য দীর্ঘ বিরতিও রয়েছে। ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর আইসিসির দুর্নীতিবিরোধী ও ডোপিংবিরোধী নীতিমালা ভঙ্গের দায়ে ২০২২ সালের জানুয়ারিতে তাকে ৪২ মাসের জন্য নিষিদ্ধ করা হয়। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর ২০২৫ সালে অবসর ভেঙে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন তিনি।
৪০ বছর বয়সী টেইলর এখন পর্যন্ত জিম্বাবুয়ের হয়ে ২০৭ ওয়ানডেতে ১১টি সেঞ্চুরি ও ৩৯টি হাফ-সেঞ্চুরিসহ ৬ হাজার ৭০৪ রান করেছেন। দেশটির হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় বর্তমানে তিনি দ্বিতীয়। ৬ হাজার ৭৮৬ রান নিয়ে সবার ওপরে আছেন সাবেক অধিনায়ক অ্যান্ডি ফ্লাওয়ার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিরিজে আরও ৮৩ রান করতে পারলে ফ্লাওয়ারকে ছাড়িয়ে জিম্বাবুয়ের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়ে যাবেন টেইলর।
ওয়ানডেতে দীর্ঘ ক্যারিয়ারের তালিকায় টেইলরের পর আছেন টেন্ডুলকার। তৃতীয় স্থানে রয়েছেন শ্রীলংকার সাবেক অধিনায়ক সনাথ জয়সুরিয়া, যার ওয়ানডে ক্যারিয়ারের স্থায়িত্ব ছিল ২১ বছর ১৮৪ দিন। এরপর রয়েছেন পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ ও জিম্বাবুয়ের শন উইলিয়ামস।

কালের দাবি ডেস্ক