তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং বাংলাদেশের সামগ্রিক নদী ব্যবস্থাপনা উন্নয়নে সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও চীন। দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকে তিস্তা নদীসহ বিভিন্ন নদীর টেকসই ব্যবস্থাপনা, বন্যা ঝুঁকি মোকাবিলা, নদী খনন, পানি সম্পদ উন্নয়ন এবং সেচ ব্যবস্থার আধুনিকায়নে যৌথভাবে কাজ করার বিষয়ে ঐকমত্য গড়ে ওঠে।
বৃহস্পতিবার বেইজিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইংয়ের বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে তিস্তা মহাপরিকল্পনাকে অগ্রাধিকার দিয়ে এগিয়ে নেওয়ার পাশাপাশি নদীকেন্দ্রিক উন্নয়ন কার্যক্রমে দুই দেশের সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
চীন বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনা, নদী পুনরুদ্ধার এবং বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়নে গভীর আগ্রহ প্রকাশ করেছে। একই সঙ্গে তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে দেশটি।
বিশেষজ্ঞদের মতে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের কৃষি, সেচ, নদীভাঙন রোধ এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। দীর্ঘদিন ধরে আলোচিত এই প্রকল্প বাস্তবায়নের পথে বাংলাদেশ-চীনের নতুন ঐকমত্যকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
কালের দাবি ডেস্ক