ঢাকা | বঙ্গাব্দ

মোবাইল নম্বর ছাড়াই যোগাযোগের সুযোগ, হোয়াটসঅ্যাপে আসছে ইউজারনেম ফিচার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 30, 2026 ইং
মোবাইল নম্বর ছাড়াই যোগাযোগের সুযোগ, হোয়াটসঅ্যাপে আসছে ইউজারনেম ফিচার ছবির ক্যাপশন: হোয়াটসঅ্যাপ
ad728

ব্যবহারকারীদের গোপনীয়তা ও নিরাপত্তা আরও জোরদার করতে নতুন একটি ফিচার চালু করতে যাচ্ছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। নতুন এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা মোবাইল নম্বর প্রকাশ না করেই অন্যদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এ জন্য প্ল্যাটফর্মটিতে চালু করা হচ্ছে ইউজারনেমভিত্তিক পরিচয় ব্যবস্থা।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, অ্যাকাউন্ট খোলার জন্য আগের মতোই মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। তবে নতুন ফিচার চালু হলে ব্যবহারকারীরা ফোন নম্বরের পরিবর্তে শুধুমাত্র একটি নির্দিষ্ট ইউজারনেম শেয়ার করেই অন্যদের সঙ্গে সংযুক্ত হতে পারবেন।

দীর্ঘদিনের উন্নয়ন ও পরীক্ষার পর ফিচারটির ব্যবহারবিধিও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। আজ থেকেই ব্যবহারকারীরা আগাম ইউজারনেম সংরক্ষণের সুযোগ পাবেন। একটি ইউজারনেমে সর্বনিম্ন ৩ এবং সর্বোচ্চ ৩৫টি অক্ষর ব্যবহার করা যাবে।

প্রাথমিক পর্যায়ে তারকা, জনপরিচিত ব্যক্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে অগ্রাধিকার ভিত্তিতে ইউজারনেম সংরক্ষণের সুযোগ দেওয়া হবে। পরবর্তী সময়ে সাধারণ ব্যবহারকারীরাও হোয়াটসঅ্যাপের নীতিমালা অনুসরণ করে নিজেদের পছন্দের ইউজারনেম নির্বাচন করতে পারবেন।

এছাড়া ব্যবসায়িক প্রতিষ্ঠান ও কনটেন্ট নির্মাতারা চাইলে ফেসবুক ও ইনস্টাগ্রামে ব্যবহৃত একই ইউজারনেম হোয়াটসঅ্যাপেও ব্যবহার করতে পারবেন, যা বিভিন্ন প্ল্যাটফর্মে তাদের পরিচয় বজায় রাখতে সহায়তা করবে।

যেসব দেশে এই ফিচার চালু হবে, সেসব দেশের ব্যবহারকারীদের নোটিফিকেশনের মাধ্যমে বিষয়টি জানানো হবে। এরপর ব্যবহারকারীরা Settings > Account > Username অপশনে গিয়ে নিজেদের ইউজারনেম সংরক্ষণ করতে পারবেন। পাশাপাশি একটি ইউনিক ইউজারনেম কী তৈরি করার সুবিধাও থাকবে, যার মাধ্যমে অন্যরা সহজেই যোগাযোগ শুরু করতে পারবেন।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, তিন বিলিয়নেরও বেশি ব্যবহারকারীর মধ্যে একই ইউজারনেম একাধিক ব্যক্তি ব্যবহার করতে না পারেন, সে জন্য বিশেষ নিরাপত্তা ও সংরক্ষণ ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া ইউজারনেম লিখে কাউকে খুঁজে বের করার সুযোগ থাকবে না। কেবল যাদের কাছে নির্দিষ্ট ইউজারনেম থাকবে, তারাই সংশ্লিষ্ট ব্যবহারকারীর সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

প্রয়োজনে ব্যবহারকারীরা যেকোনো সময় নিজেদের ইউজারনেম পরিবর্তন করতে পারবেন অথবা এই ফিচারটি সম্পূর্ণ বন্ধ করে দিতে পারবেন।

হোয়াটসঅ্যাপের ভাইস প্রেসিডেন্ট ও হেড অব প্রোডাক্ট অ্যালিস নিউটন-রেক্স বলেন, নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ব্যক্তিগত যোগাযোগের তথ্যের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ পাবেন।

বর্তমানে ইউজারনেম কেবল সরাসরি মৌখিকভাবে বা টেক্সট মেসেজের মাধ্যমে শেয়ার করা যাবে। এ জন্য এখনই কোনো কিউআর কোডভিত্তিক সুবিধা যুক্ত করা হয়নি।

উল্লেখ্য, টেলিগ্রাম, সিগন্যাল ও ওয়্যার-এর মতো মেসেজিং প্ল্যাটফর্মে দীর্ঘদিন ধরেই ইউজারনেমভিত্তিক যোগাযোগ ব্যবস্থা চালু রয়েছে। প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার অধীনস্থ হোয়াটসঅ্যাপও অবশেষে বহুল প্রত্যাশিত এই সুবিধা চালু করতে যাচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
আগামী বছরে সব চা শ্রমিকের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে যাবে : প

আগামী বছরে সব চা শ্রমিকের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে যাবে : প