বিশ্বকাপের নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিত করায় ফিফাকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এই সিদ্ধান্তকে ‘ন্যায়সঙ্গত’ বলে অভিহিত করেন।
ট্রাম্প তার বার্তায় বলেন, “সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং একটি বড় অন্যায়ের সংশোধন করায় ফিফাকে ধন্যবাদ। এটি খেলাধুলার ন্যায্যতার জন্য একটি ইতিবাচক পদক্ষেপ।”
এর আগে, বসনিয়ার বিপক্ষে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে কঠোর ট্যাকলের কারণে লাল কার্ড দেখেন যুক্তরাষ্ট্রের এই স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধের ৬৩তম মিনিটে বসনিয়ার ডিফেন্ডার তারিক মুহারেমোভিচকে ট্যাকল করার ঘটনায় ভিএআরের সহায়তায় ব্রাজিলিয়ান রেফারি রাফায়েল ক্লাউস তাকে সরাসরি লাল কার্ড দেখান।
ফিফার প্রচলিত নিয়ম অনুযায়ী, সরাসরি লাল কার্ড পাওয়ার কারণে বালোগুনের এক ম্যাচের স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞায় পড়ার কথা ছিল। এতে বেলজিয়ামের বিপক্ষে যুক্তরাষ্ট্রের শেষ ষোলোর ম্যাচে তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ে।
তবে পরবর্তীতে ফিফার ডিসিপ্লিনারি কমিটি ডিসিপ্লিনারি কোডের ২৭ নম্বর অনুচ্ছেদ প্রয়োগ করে তার নিষেধাজ্ঞার কার্যকারিতা এক বছরের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। ফিফা এক বিবৃতিতে জানায়, বালোগুনের স্বয়ংক্রিয় এক ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের প্রবেশনকাল পর্যন্ত স্থগিত থাকবে।
ফিফার এই সিদ্ধান্তের ফলে বেলজিয়ামের বিপক্ষে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ শেষ ষোলোর ম্যাচে খেলতে পারবেন বালোগুন। চলতি বিশ্বকাপে তিন গোল করে তিনি বর্তমানে যুক্তরাষ্ট্র দলের সর্বোচ্চ গোলদাতা। কোচ মরিসিও পোচেত্তিনোর অধীনে দলটির আক্রমণভাগে অন্যতম প্রধান ভরসা হিসেবেও বিবেচিত হচ্ছেন তিনি।
বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সময়ে বালোগুনকে দলে ফিরে পাওয়ায় যুক্তরাষ্ট্র শিবিরে স্বস্তি ফিরেছে। এখন শেষ ষোলোর লড়াইয়ে বেলজিয়ামের বিপক্ষে তার পারফরম্যান্সের দিকেই নজর থাকবে ফুটবলভক্তদের।

কালের দাবি ডেস্ক