ঢাকা | বঙ্গাব্দ

কাল রাষ্ট্রপতি নির্বাচনের ভোট, শপথ শুক্রবার: চিফ হুইপ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 19, 2026 ইং
কাল রাষ্ট্রপতি নির্বাচনের ভোট, শপথ শুক্রবার: চিফ হুইপ ছবির ক্যাপশন: বিএনপির সংসদীয় দলের সভা শেষে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
ad728

দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হতে যাচ্ছে। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নতুন রাষ্ট্রপতির শপথ হবে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে।

বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের ভোট শুরুর পাঁচ মিনিট আগে থেকে ভোটের সরাসরি সম্প্রচার শুরু হবে। রাষ্ট্রপতি, স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা এবং রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভোট দেওয়ার দৃশ্য সরাসরি সম্প্রচার করা হবে।

চিফ হুইপ জানান, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভোট দেওয়া শেষ হওয়ার পর বাকি ভোটগ্রহণের পুরো প্রক্রিয়া রেকর্ড করা হবে। ভোটগ্রহণ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে আবার সরাসরি সম্প্রচার শুরু হবে। এরপর ফলাফল ঘোষণাও সরাসরি সম্প্রচার করা হবে।

নুরুল ইসলাম মনি বলেন, বৃহস্পতিবারের নির্বাচন দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত তৈরি করবে এবং এর মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে।


এবারের রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলোর মনোনীত প্রার্থী বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অন্যদিকে জামায়াতসহ ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কর্নেল (অব.) অলি আহমেদ।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হিসেবে রয়েছেন জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য।

দীর্ঘ ৩৫ বছর পর এবার একাধিক প্রার্থী থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটি হতে যাচ্ছে। সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল ১৯৯১ সালের ৮ অক্টোবর।

সেবার বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে আওয়ামী লীগের প্রার্থী বদরুদ্দোজা হায়দার চৌধুরীকে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হন। বদরুদ্দোজা হায়দার চৌধুরী পেয়েছিলেন ৯২ ভোট।


সংবাদ সম্মেলনে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের পর দলটি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে। এখন সরকারের লক্ষ্য গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া।

তিনি বলেন, সরকার ও বিরোধী দলকে অন্তর্ভুক্ত করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের অগ্রগতি অব্যাহত রাখার লক্ষ্য রয়েছে।

এর আগে বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের সভা শুরু হয়। প্রায় ৪০ মিনিট পর বিকেল ৪টা ৪০ মিনিটে সভা শেষ হয়। বৈঠকে রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, এ বি এম আশরাফ উদ্দিন নিজান, জি কে গউছ, সংসদ সদস্য আমিরুল ইসলাম আলিম, খন্দকার আবু আশফাক এবং প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আসুন আমরা সকলে মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি: প্রবাসী

আসুন আমরা সকলে মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি: প্রবাসী