ঢাকা | বঙ্গাব্দ

জাতীয় গ্রিডে প্রথমবার যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ, সরবরাহ ৩৫০ মেগাওয়াট

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 17, 2026 ইং
জাতীয় গ্রিডে প্রথমবার যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ, সরবরাহ ৩৫০ মেগাওয়াট ছবির ক্যাপশন: পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। মঙ্গলবার প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। ফাইল ছবি
ad728

দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে পারমাণবিক বিদ্যুৎ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়।

তবে এর মধ্য দিয়ে বিদ্যুৎকেন্দ্রটির বাণিজ্যিক উৎপাদন শুরু হচ্ছে না। মূলত টারবাইন, জেনারেটর ও গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা যাচাই করতে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ নির্মাণ প্রকল্পের পক্ষ থেকে পাঠানো তাৎক্ষণিক সংবাদ বিজ্ঞপ্তিতে পরীক্ষামূলক সরবরাহ শুরুর বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রায় আট থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময়ে বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পর্যবেক্ষণ করা হবে।

এরপর বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর আবার চার থেকে ছয় ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।


রূপপুর বিদ্যুৎকেন্দ্র সূত্র জানায়, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশিকা ও মানদণ্ড অনুসরণ করে উৎপাদন সক্ষমতা ধাপে ধাপে বাড়ানোর পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। প্রথম ইউনিট থেকে কয়েক ঘণ্টার জন্য প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের মধ্য দিয়ে এ পর্যায়ের সূচনা হলো।

বিদ্যুৎ সরবরাহ শুরুর পর পারমাণবিক চুল্লিপাত্র, টারবাইন, জেনারেটরসহ বিভিন্ন যন্ত্রপাতি এবং স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হবে। এসব পরীক্ষার প্রয়োজনে বিভিন্ন সময়ে প্রথম ইউনিট সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে। একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ কমানো বা বাড়ানো হবে।

পরীক্ষামূলক পর্যায়ে জাতীয় গ্রিডে নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে না বলে জানিয়েছে বিদ্যুৎকেন্দ্র সূত্র। এ সময় উৎপাদন ও সরবরাহের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে গ্রিডের ভারসাম্য বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তারাও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।


রূপপুরের প্রথম ইউনিটের উৎপাদন সক্ষমতা পর্যায়ক্রমে ১০০ শতাংশে উন্নীত করতে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন নিতে হবে। কারিগরি পরীক্ষা শেষে পাওয়া ফলাফলের প্রতিবেদন বায়েরার কাছে জমা দেবে রূপপুর কর্তৃপক্ষ। অনুমোদন পাওয়ার পর উৎপাদন সক্ষমতা বাড়ানোর পরবর্তী কার্যক্রম শুরু হবে।

বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, পরীক্ষামূলক উৎপাদন শুরুর পর এ প্রক্রিয়া কয়েক মাস চলতে পারে। রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা সম্পন্ন হওয়ার পর প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।

গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরুর মধ্য দিয়ে বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় ৩৩তম দেশ হিসেবে যুক্ত হওয়ার পথে এগোল। তবে পূর্ণাঙ্গ উৎপাদন ও সরবরাহ শুরু হলে এ বিষয়ে আনুষ্ঠানিক স্বীকৃতি আসবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর আগে ২০২৩ সালের অক্টোবরে প্রকল্প এলাকায় পারমাণবিক জ্বালানি পৌঁছানোর পর রূপপুর পারমাণবিক স্থাপনা হিসেবে স্বীকৃতি পায়।


দেশের সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রকল্পটি বাস্তবায়ন করছে। কেন্দ্রটির পরিচালনার দায়িত্বে রয়েছে সরকারি প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)।

রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট রূপপুরে ১ হাজার ২০০ মেগাওয়াট করে দুটি ইউনিট নির্মাণ করছে। দুই ইউনিটের মোট উৎপাদন সক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।

প্রকল্পটির মেয়াদ প্রথমে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। পরে দুই দফায় মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত করা হয়েছে। প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা। ডলারের বিনিময়মূল্য বৃদ্ধির কারণে প্রকল্পের ব্যয় প্রায় ২৬ হাজার কোটি টাকা বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাসিনাকে ঘিরে টানাপড়েনে আটকে বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিক

হাসিনাকে ঘিরে টানাপড়েনে আটকে বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিক