অনলাইন জুয়া ও ডিজিটাল হুন্ডির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে প্রায় ৫৫ হাজার মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার সংসদের প্রশ্নোত্তর পর্বে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, দেশে অনলাইন জুয়ার মাধ্যমে অর্থ লেনদেন ও পাচার ঠেকাতে সরকার আইনগত ও প্রযুক্তিগত নজরদারি জোরদার করেছে।
তিনি জানান, গত ১০ এপ্রিল কার্যকর হওয়া সাইবার সিকিউরিটি আইন, ২০২৬-এর আওতায় অনলাইন জুয়াকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আইন অনুযায়ী, অনলাইন জুয়ার জন্য ওয়েবসাইট, অ্যাপ বা অন্য কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি, পরিচালনা বা ব্যবহার করা, জুয়ার প্রচারণা চালানো কিংবা এ ধরনের কার্যক্রমে সহায়তা প্রদান অপরাধ হিসেবে গণ্য হবে।
অর্থমন্ত্রী বলেন, এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, এক কোটি টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
তিনি আরও জানান, নতুন আইন কার্যকর হওয়ার পর বিএফআইইউ অনলাইন জুয়া সংক্রান্ত একটি গোয়েন্দা প্রতিবেদন তৈরি করে গত মে মাসে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) জমা দিয়েছে। প্রতিবেদনটির ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
সংসদে দেওয়া তথ্যে তিনি বলেন, অনলাইন জুয়ার সঙ্গে জড়িত আর্থিক লেনদেন শনাক্তে বিএফআইইউর নজরদারি অব্যাহত রয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও চক্রগুলোকে শনাক্ত করতে আরও গোয়েন্দা অনুসন্ধান চালানো হচ্ছে।
অর্থমন্ত্রী জানান, অনলাইন জুয়া প্রতিরোধে বাংলাদেশ ব্যাংক এর আগে দেশের সব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা জারি করে। ওই নির্দেশনায় এমএফএস প্রতিষ্ঠানগুলোকে গ্রাহক ও মার্চেন্টদের লেনদেন নিয়মিত পর্যবেক্ষণ করে সন্দেহজনক কার্যক্রম শনাক্ত করার নির্দেশ দেওয়া হয়।
তিনি বলেন, কোনো গ্রাহক বা মার্চেন্ট অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত বলে প্রমাণ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার নির্দেশ রয়েছে। পাশাপাশি অনলাইন জুয়া, হুন্ডি ও অন্যান্য আর্থিক অপরাধের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রচারণা চালিয়ে যাচ্ছে।
কালের দাবি ডেস্ক