ভারতীয় সংগীত জগতের কিংবদন্তি কণ্ঠশিল্পী অলকা ইয়াগনিককে দেশের অন্যতম মর্যাদাপূর্ণ নাগরিক সম্মান ‘পদ্মভূষণ’-এ ভূষিত করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন।
সম্মান গ্রহণের পর অলকা ইয়াগনিক সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, গত দুই বছর ধরে তিনি একটি জটিল স্বাস্থ্য সমস্যার কারণে জনসমক্ষে কম উপস্থিত ছিলেন। এই সময়ে ভক্তদের ভালোবাসা ও সমর্থন তাকে শক্তি জুগিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তার এই পোস্টে সংগীত ও চলচ্চিত্র জগতের অনেক সহকর্মী শুভেচ্ছা ও অভিনন্দন জানান। কুমার শানু, শান, ইলা অরুণসহ একাধিক শিল্পী তাকে এই সম্মানের জন্য অভিনন্দন জানিয়ে তার দ্রুত সুস্থতা কামনা করেন।
এর আগে ২০২৪ সালে অলকা ইয়াগনিক জানান, তিনি একটি বিরল স্নায়বিক শ্রবণ সমস্যায় আক্রান্ত হয়েছেন, যার কারণে হঠাৎ করেই তার শ্রবণশক্তিতে প্রভাব পড়ে।
ভারতীয় সংগীত ইতিহাসে অন্যতম সফল ও প্রভাবশালী এই প্লেব্যাক গায়িকা দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। তার অর্জনের তালিকায় রয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ারসহ একাধিক সম্মাননা এবং ইউটিউব স্ট্রিমিংয়ে বিশ্বরেকর্ড।
কালের দাবি ডেস্ক