ঢাকা | বঙ্গাব্দ

‘দ্য অডিসি’ দেখতে গিয়ে সর্বস্বান্ত? যে ফাঁদে পা দিচ্ছেন দর্শকরা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 11, 2026 ইং
‘দ্য অডিসি’ দেখতে গিয়ে সর্বস্বান্ত? যে ফাঁদে পা দিচ্ছেন দর্শকরা ছবির ক্যাপশন: ক্রিস্টোফার নোলানের ‘দ্য অডিসি’কে ঘিরে অনলাইন প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ক্যাসপারস্কি।
ad728


ক্রিস্টোফার নোলানের বহুল প্রত্যাশিত চলচ্চিত্র ‘দ্য অডিসি’কে ঘিরে অনলাইন প্রতারণা বেড়েছে বলে সতর্ক করেছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। সিনেমাটি বিনামূল্যে দেখার সুযোগ দেওয়ার নামে প্রতারকরা ভুয়া ওয়েবসাইট তৈরি করে ব্যবহারকারীদের ব্যক্তিগত ও আর্থিক তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।

ক্যাসপারস্কি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দর্শকদের আকৃষ্ট করতে এসব ভুয়া ওয়েবসাইটে বিভিন্ন ভাষায় ডাব করা সংস্করণের কথাও উল্লেখ করা হচ্ছে। ওয়েবসাইটগুলোকে বিশ্বাসযোগ্য করে তুলতে ব্যবহার করা হচ্ছে ভুয়া রিভিউ ও রেটিং।

প্রতিষ্ঠানটির তথ্যমতে, ব্যবহারকারী এসব ওয়েবসাইটে সিনেমাটি দেখতে গেলে একটি ভুয়া ভিডিও প্লেয়ার চালু হয়। সেখানে ‘বিনামূল্যে দেখা চালিয়ে যেতে’ নিবন্ধনের অনুরোধ জানানো হয়। নিবন্ধনের সময় ই-মেইল ঠিকানা, নামসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য চাওয়া হতে পারে।

এরপর ‘ফ্রি ট্রায়াল’ চালুর অজুহাতে ব্যবহারকারীকে পাসওয়ার্ড তৈরি এবং ব্যাংকিং তথ্য দেওয়ার জন্যও প্রলুব্ধ করা হতে পারে। এতে ব্যক্তিগত তথ্য ও পাসওয়ার্ড চুরির পাশাপাশি আর্থিক ক্ষতির ঝুঁকি তৈরি হয়।

বিশেষ করে একই পাসওয়ার্ড একাধিক অনলাইন সেবায় ব্যবহার করা হলে ঝুঁকি আরও বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছে ক্যাসপারস্কি। একই ধরনের কৌশল ব্যবহার করে বিভিন্ন ভাষায় একাধিক ভুয়া ওয়েবসাইটও তৈরি করা হচ্ছে।

ক্যাসপারস্কির সিনিয়র ওয়েব কনটেন্ট অ্যানালিস্ট ওলগা আলতুখোভা বলেন, ‘দ্য অডিসি’র মতো বহুল আলোচিত চলচ্চিত্রের মুক্তিকে কেন্দ্র করে প্রতারকরা দর্শকদের আগ্রহকে কাজে লাগিয়ে অর্থ উপার্জনের চেষ্টা করে।

তিনি বলেন, বিশেষ করে কোনো সিনেমা মুক্তির পরও যখন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে, তখন সেটি হঠাৎ কোনো অপরিচিত বা সন্দেহজনক প্ল্যাটফর্মে দেখার সুযোগ দেওয়া হলে ব্যবহারকারীদের সতর্ক হওয়া উচিত।

ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা এবং সম্ভাব্য আর্থিক ক্ষতি এড়াতে কেবল অনুমোদিত সেবার মাধ্যমে সিনেমা ও অন্যান্য কনটেন্ট দেখার পরামর্শ দিয়েছেন তিনি। একই সঙ্গে সন্দেহজনক ওয়েবসাইট বা লিংকে প্রবেশ না করারও আহ্বান জানানো হয়েছে।

ক্যাসপারস্কির পরামর্শ অনুযায়ী, কোনো ওয়েবসাইটে প্রবেশের আগে এর ঠিকানা বা ইউআরএল সঠিক কি না যাচাই করতে হবে। অচেনা প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড বা ব্যাংকিং তথ্য দেওয়া থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি সিনেমা দেখার ক্ষেত্রে অনুমোদিত স্ট্রিমিং সেবা ব্যবহার করাই নিরাপদ।

ক্রিস্টোফার নোলানের ‘দ্য অডিসি’ ২০২৬ সালের আন্তর্জাতিকভাবে সবচেয়ে প্রত্যাশিত চলচ্চিত্রগুলোর একটি। সিনেমাটিকে ঘিরে দর্শকদের ব্যাপক আগ্রহের সুযোগ নিয়েই সাইবার অপরাধীরা প্রতারণার বিভিন্ন কৌশল ব্যবহার করছে বলে জানিয়েছে ক্যাসপারস্কি।



নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী: পুনর্মিলন

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী: পুনর্মিলন