ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশ-কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা, বাড়বে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 14, 2026 ইং
বাংলাদেশ-কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা, বাড়বে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ছবির ক্যাপশন: প্রিস্টিনায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় অনুবিভাগের সচিব রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম ও কসোভোর শিল্প, উদ্যোক্তা, বাণিজ্য ও উদ্ভাবনবিষয়ক মন্ত্রী মিমোজা কুসারি-লিলার বৈঠক। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ad728


বাংলাদেশ ও কসোভোর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) প্রক্রিয়া শুরু করার বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে ইউরোপের বিভিন্ন বাণিজ্য সুবিধাকে কাজে লাগিয়ে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার কসোভোর রাজধানী প্রিস্টিনায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় অনুবিভাগের সচিব রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম এবং কসোভোর শিল্প, উদ্যোক্তা, বাণিজ্য ও উদ্ভাবনবিষয়ক মন্ত্রী মিমোজা কুসারি-লিলার মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে বিশেষ করে ওষুধ শিল্প, বায়োটেকনোলজি এবং তথ্যপ্রযুক্তি খাতে দুই দেশের মধ্যে সহযোগিতার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

দুই পক্ষ বেসরকারি খাতের পারস্পরিক যোগাযোগ বাড়ানো এবং ব্যবসায়ী প্রতিনিধি দল বিনিময়ের বিষয়েও একমত হয়েছে। পাশাপাশি বাংলাদেশ থেকে তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, সিরামিক এবং ওষুধসহ আরও বেশি পণ্য আমদানির জন্য কসোভোর প্রতি আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশে কসোভোর বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের সুযোগ অন্বেষণের আমন্ত্রণও জানানো হয় বৈঠকে।

বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতাকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দিতে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়েও আলোচনা করেছে দুই দেশ। একই সঙ্গে কসোভোর বেসরকারি খাতের একটি প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

বৈঠকে কসোভো চেম্বার অব কমার্স এবং ঢাকা চেম্বার অব কমার্সের মধ্যে অংশীদারত্ব গড়ে তোলার পাশাপাশি ব্যবসা-টু-ব্যবসা সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। কসোভোতে বাংলাদেশি কোম্পানির উৎপাদন কারখানা স্থাপনের সম্ভাবনাও উঠে আসে আলোচনায়।

কসোভোর শিল্প, উদ্যোক্তা, বাণিজ্য ও উদ্ভাবনবিষয়ক মন্ত্রী মিমোজা কুসারি-লিলা তার দেশের বিনিয়োগ সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি ইউরোপীয় ইউনিয়নের বাজারের কাছাকাছি ভৌগোলিক অবস্থান, অনুকূল রাজস্বনীতি, প্রতিযোগিতামূলক জনবল এবং সেন্ট্রাল ইউরোপিয়ান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (সিইএফটিএ) ও ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশনের (ইএফটিএ) মাধ্যমে ইউরোপের বাজারে প্রবেশের সুযোগের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, পশ্চিম বলকান অঞ্চলের দেশগুলোর মধ্যকার আঞ্চলিক সংযোগের সুবিধাও বাংলাদেশ কাজে লাগাতে পারে।

দুই পক্ষই মনে করছে, দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তির প্রক্রিয়া শুরু হলে বাংলাদেশ ও কসোভোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হতে পারে।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস অনুবিভাগের মহাপরিচালক এস এম মাহবুবুল আলম এবং বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা উপস্থিত ছিলেন।



নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘শ্রমিকরা ক্ষমতার ভাগ চায়নি, শুধু অধিকার চেয়েছে’—সাইফুল হকের

‘শ্রমিকরা ক্ষমতার ভাগ চায়নি, শুধু অধিকার চেয়েছে’—সাইফুল হকের