ঢাকা | বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিপর্যয়: বিলম্বিত ১০ হাজার ৫৪৩, বাতিল ৩ হাজার ৫৮০

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 14, 2026 ইং
যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিপর্যয়: বিলম্বিত ১০ হাজার ৫৪৩, বাতিল ৩ হাজার ৫৮০ ছবির ক্যাপশন: যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণার পর বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটের তথ্য দেখছেন যাত্রীরা। ছবি: রয়টার্স
ad728

পুরোনো হার্ডওয়্যার ও উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণব্যবস্থায় প্রযুক্তিগত ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় চার ঘণ্টা ফ্লাইট চলাচল বন্ধ রাখতে হয়েছিল। রাউটার থেকে বিভ্রান্তিকর তথ্য আসায় এ সিদ্ধান্ত নেয় দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। এ ঘটনায় ১০ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত এবং সাড়ে তিন হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় বিকেল চারটার দিকে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচল বন্ধের নির্দেশ দেয় এফএএ। রাত ৮টা ১৫ মিনিটের দিকে নির্দেশ তুলে নেওয়া হয়। এরপর আবার ফ্লাইট চলাচল শুরু হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে বলা হয়েছে, পুরোনো প্রযুক্তির ওপর নতুন প্রযুক্তি যুক্ত করার ফলে নিয়ন্ত্রণব্যবস্থায় চাপ তৈরি হয়েছিল। এতে রাউটার থেকে পাওয়া তথ্যে অসামঞ্জস্য দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে দেশজুড়ে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় এফএএ।


হোয়াইট হাউসে সংবাদ ব্রিফিংয়ে মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, পুরোনো হার্ডওয়্যারের কারণে এ বিপর্যয় হয়েছে। তাঁর ভাষ্য, দেশজুড়ে রাডার, যোগাযোগব্যবস্থা ও নিয়ন্ত্রণকেন্দ্রগুলোতে অস্থিতিশীলতা দেখা দিয়েছিল। রাউটার থেকে বিভ্রান্তিকর তথ্য আসতে শুরু করায় ফ্লাইট চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

ডাফি বলেন, রাউটারগুলোর ওপর তথ্যের অতিরিক্ত চাপ তৈরি হয়েছিল। ফলে সেগুলো থেকে পাওয়া তথ্যে অসামঞ্জস্য দেখা দেয়। তিনি যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণব্যবস্থাকে অত্যন্ত পুরোনো বলেও মন্তব্য করেন।

মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিন বলেন, এফএএ পুরোনো ব্যবস্থায় নতুন প্রযুক্তি যুক্ত করার পাশাপাশি বিভিন্ন ত্রুটি সারানোর চেষ্টা করছিল। কিন্তু নতুন যন্ত্রপাতি ও প্রযুক্তির কারণে পুরোনো ব্যবস্থার ওপর চাপ আরও বেড়ে যায়।

মুলিনের ভাষায়, পুরোনো ব্যবস্থার ওপর নতুন প্রযুক্তি অতিরিক্ত চাপ তৈরি করছিল। এভাবে জোড়াতালি দিয়ে কাজ চালানো সম্ভব নয়; প্রয়োজন একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা।


ঘটনার তিন দিন আগে যুক্তরাষ্ট্রের ২২টি এয়ার রুট ট্রাফিক কন্ট্রোল সেন্টারে ‘স্মার্ট’ নামের নতুন একটি উড়োজাহাজ চলাচল ব্যবস্থাপনা প্রযুক্তি চালু করেছিল এফএএ।

তবে নতুন স্মার্ট ব্যবস্থার কারণে এ বিপর্যয় হয়েছে—এমন ধারণা নাকচ করেছেন পরিবহনমন্ত্রী শন ডাফি। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এ প্রযুক্তিকে তিনি ফ্লাইট চলাচলে বিঘ্নের জন্য দায়ী করেননি।


ঘটনাটি সাইবার হামলার কারণে ঘটেছে কি না, এমন প্রশ্নও উঠেছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিন বলেছেন, সাইবার হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

তিনি জানান, উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণব্যবস্থায় কারও অনুপ্রবেশের চিহ্ন বা হামলাকারীদের শনাক্ত করার মতো তথ্য মেলেনি। তাঁর মতে, এটি যান্ত্রিক বা প্রযুক্তিগত ত্রুটির কারণেই ঘটেছে বলে মনে হচ্ছে।


ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রজুড়ে এ ঘটনায় ১০ হাজার ৫৪৩টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। বাতিল হয়েছে ৩ হাজার ৫৮০টি ফ্লাইট।

পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, ফ্লাইট চলাচল বন্ধের নির্দেশ দেওয়ার সময় আকাশে ৩ হাজার ৫০০টির বেশি উড়োজাহাজ ছিল।

এফএএর ‘গ্রাউন্ড স্টপ’ নির্দেশের অর্থ হলো, কোনো উড়োজাহাজকে নতুন করে উড্ডয়নের অনুমতি দেওয়া হবে না। তবে নির্দেশ জারির সময় যেসব উড়োজাহাজ আকাশে থাকে, সেগুলোকে জরুরি অবতরণ করতে হয় না।

এফএএর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রতিদিন বিভিন্ন বিমানবন্দর থেকে ৪৪ হাজারের বেশি ফ্লাইট উড্ডয়ন করে। এসব ফ্লাইটের চলাচল নিয়ন্ত্রণ করেন সংস্থাটির ১৪ হাজারের বেশি এয়ার ট্রাফিক কন্ট্রোলার।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রজুড়ে সব ফ্লাইট বন্ধের দ্বিতীয় ঘটনা এটি। এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে এফএএ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ রেখেছিল। তবে সে সময় দুই ঘণ্টার কম সময়ের মধ্যে নির্দেশ তুলে নেওয়া হয়।


এ ধরনের ঘটনা ঠেকাতে উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা আধুনিকায়নের জন্য কংগ্রেসের কাছে আরও অর্থ বরাদ্দ চেয়েছেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ও পরিবহনমন্ত্রী।

শন ডাফি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত এক বছর ধরে নতুন উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা তৈরির জন্য কংগ্রেসের কাছে পূর্ণ অর্থায়ন চেয়ে আসছেন। এ জন্য তিনি জরুরি ভিত্তিতে ৫০ বিলিয়ন ডলার বরাদ্দের আহ্বান জানান।

প্রতিবেদন অনুযায়ী, গত বছর এফএএর পুরোনো যোগাযোগব্যবস্থা সংস্কারে ১২ দশমিক ৫ বিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছিল মার্কিন কংগ্রেস। এবার এফএএ ও হোয়াইট হাউস নতুন করে আরও ৩০ দশমিক ১ বিলিয়ন ডলার চেয়েছে। উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার অন্যান্য সমস্যা সমাধানে এ অর্থ ব্যয়ের পরিকল্পনা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা