ঢাকা | বঙ্গাব্দ

নিরাপদ খাদ্য নিশ্চিতে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 6, 2026 ইং
নিরাপদ খাদ্য নিশ্চিতে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর ছবির ক্যাপশন: প্রধানমন্ত্রী তারেক রহমান
ad728

নিরাপদ খাদ্য নিশ্চিত করা, বাজারে পণ্যের মান নিয়ন্ত্রণ জোরদার এবং ভেজালবিরোধী কার্যক্রম আরও কার্যকর করতে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমস্যা ও সীমাবদ্ধতা পর্যালোচনা করে এক মাসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিটিকে।

সোমবার (৬ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভায় ভোক্তা অধিকার অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই, সিটি করপোরেশন এবং মাঠপর্যায়ে ভেজালবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কর্মকর্তারা অংশ নেন।

প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এবং মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনিকে নিয়ে তিন সদস্যের এই কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। কমিটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবে।

সভায় কর্মকর্তারা জানান, ভেজালবিরোধী অভিযান পরিচালনায় জেলা পর্যায়ে জনবলের সংকট, আধুনিক পরীক্ষাগারের অভাব, প্রয়োজনীয় যন্ত্রপাতির স্বল্পতা এবং প্রভাবশালী চক্রের বিরুদ্ধে অভিযান চালাতে নিরাপত্তা ঝুঁকির মতো নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে। একই সঙ্গে মোবাইল কোর্টের ক্ষমতা আরও বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা।

প্রধানমন্ত্রী এসব সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, দেশের মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি এবং কার্যক্রম আরও গতিশীল করা জরুরি।

সভায় প্রধানমন্ত্রী বলেন, "সমস্যা থাকবেই, কিন্তু সমস্যার মধ্য দিয়েই এগিয়ে যেতে হবে। বসে থাকলে চলবে না। পৃথিবীর অনেক দেশ একসময় আমাদের চেয়েও পিছিয়ে ছিল, অথচ আজ তারা অনেক দূর এগিয়েছে। আমাদেরও আন্তরিকতা ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এগিয়ে যেতে হবে।"

জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, কেবল সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; নাগরিকদের দায়িত্বশীল আচরণও সমান গুরুত্বপূর্ণ। উদাহরণ হিসেবে তিনি গুলশান লেকের কথা উল্লেখ করে বলেন, অনেক ক্ষেত্রে শিক্ষিত মানুষও অসচেতনভাবে পরিবেশ দূষণে ভূমিকা রাখছেন। দেশকে বদলাতে হলে সরকার ও জনগণ—উভয়কেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার, বাণিজ্য সচিব আতাউর রহমান খান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, বিএসটিআইয়ের মহাপরিচালক কাজী ইমদাদুল হকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গাজায় শিশুদের ওপর হামলা গণহত্যার ইঙ্গিত দেয়: জাতিসংঘ

গাজায় শিশুদের ওপর হামলা গণহত্যার ইঙ্গিত দেয়: জাতিসংঘ