বাংলাদেশের শিক্ষাখাতের উন্নয়ন ও সংস্কার কার্যক্রমে ৯৯ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন অনুমোদন করেছে ইউনেসকো ও ইউনিসেফ। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ হাজার ২২০ কোটি টাকার বেশি।
বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউনেসকো আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মন্ত্রী জানান, গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন (জিপিই)-এর আওতায় ইউনেসকো ও ইউনিসেফের মাধ্যমে এই অর্থায়ন বাংলাদেশের জন্য চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। তিনি বলেন, এ সহায়তা দেশের শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ড. এহছানুল হক মিলনের ভাষ্য, এই অর্থায়ন শিক্ষা খাতের রূপান্তরমূলক উদ্যোগ বাস্তবায়নে সহায়ক হবে এবং শিক্ষার গুণগত মান উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি ও বিভিন্ন সংস্কার কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে।
তবে ৯৯ মিলিয়ন মার্কিন ডলারের এই অর্থ কোন কোন প্রকল্পে ব্যয় করা হবে বা কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি। শিক্ষা মন্ত্রণালয় পরবর্তীতে এ বিষয়ে পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রকাশ করবে বলে জানান তিনি।
সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক অংশীদারদের এই অর্থায়ন বাংলাদেশের শিক্ষা খাতে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সহায়ক হবে।
কালের দাবি ডেস্ক