ঢাকা | বঙ্গাব্দ

প্রতিমন্ত্রীর পদ ছাড়ছেন ইশরাক হোসেন, ঘোষণা দুপুরে

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 19, 2026 ইং
প্রতিমন্ত্রীর পদ ছাড়ছেন ইশরাক হোসেন, ঘোষণা দুপুরে ছবির ক্যাপশন: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
ad728

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার ভিডিও প্রকাশের পর বিতর্কের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। সোমবার দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি।

সোমবার সকাল ৮টা ৩৬ মিনিটে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক। তিনি লিখেছেন, দুপুর ২টায় প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন এবং সাংবাদিকদের মুখোমুখি হবেন।



শনিবার বিকেলে নিজের ফেসবুক পেজে গেণ্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানের কয়েকটি ভিডিও প্রকাশ করেন ইশরাক। এর একটি ভিডিওতে তাঁকে অস্ত্র হাতে অভিযানে অংশ নিতে দেখা যায়। অন্য একটি ভিডিওতে কয়েকজনকে হাতকড়া পরিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে যেতে দেখা যায়।

ভিডিওগুলো প্রকাশের পর প্রতিমন্ত্রীর অস্ত্র হাতে অভিযানে অংশ নেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়।

এ বিষয়ে রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি পর্যবেক্ষণ করে প্রতিবেদন দিতে স্থানীয় ডিসিকে বলা হয়েছে। আইনের কোনো ব্যত্যয় হয়ে থাকলে ডিএমপি আইনগত ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।


রোববার রাতে কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। বিএনপির অনেক নেতাকর্মীকেও সামাজিক যোগাযোগমাধ্যমে এসব প্রতিবেদন শেয়ার করতে দেখা যায়।

এর প্রতিক্রিয়ায় ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করেন ইশরাক। তিনি লেখেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মানুষকে উল্লাসসূচক মন্তব্য করতে দেখেছেন। ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তাঁদের জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে ফিরে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।


ইশরাক হোসেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য। পদ ছাড়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে আরও বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন।

তিনি পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার করা এবং দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বাড়াতে বিভিন্ন জেলা সফরের কথাও উল্লেখ করেন। তাঁর পোস্টে মাদক নির্মূলের ওপর গুরুত্ব দেওয়া হয়।



এর আগে গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেন। ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট, ভাঙচুর ও দখলের চেষ্টার ঘটনায় তাঁর নাম আলোচনায় আসার পর সরকারপ্রধানের নির্দেশে তিনি পদ ছাড়েন বলে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।


গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে মিরপুরের ১ নম্বর সেকশনে রাড্ডার স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। রাড্ডা কর্তৃপক্ষের অভিযোগ অনুযায়ী, প্রায় ২০০ জন দেশীয় অস্ত্র ও ভারী যন্ত্রপাতি নিয়ে সেখানে ঢুকে একাধিক স্থাপনা ভেঙে ফেলে এবং চিকিৎসাসংশ্লিষ্ট যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রী নিয়ে যায়। এতে এক কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
ব্যাংকের এমডিদের জন্য নতুন কর্মমূল্যায়ন নীতিমালা বাংলাদেশ ব্

ব্যাংকের এমডিদের জন্য নতুন কর্মমূল্যায়ন নীতিমালা বাংলাদেশ ব্