ঢাকা | বঙ্গাব্দ

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি: দ্রুত বাড়ছে পানি, সতর্ক অবস্থানে প্রশাসন

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 24, 2026 ইং
কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি: দ্রুত বাড়ছে পানি, সতর্ক অবস্থানে প্রশাসন ছবির ক্যাপশন: নদীর পানি বৃদ্ধিতে কুড়িগ্রামে বন্যার চোখরাঙানি, ৩৫ পয়েন্টে তীব্র ভাঙনে আতঙ্ক
ad728

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টির কারণে কুড়িগ্রামের প্রধান নদ-নদীগুলোর পানি গত তিন দিন ধরে টানা বাড়ছে। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার নদের পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও নদী অববাহিকার নিম্নাঞ্চল ও চরাঞ্চলগুলো নতুন করে বন্যার ঝুঁকিতে পড়েছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে জেলার অন্তত ৩৫টি পয়েন্টে তীব্র নদীভাঙন দেখা দিয়েছে, যার ফলে ভিটেমাটি হারানোর আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীপাড়ের মানুষ।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উজানে ভারী বর্ষণ অব্যাহত থাকায় জেলাটিতে একটি স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।

তিস্তায় বিপৎসীমা পার হওয়ার আশঙ্কা, ডুবছে ফসলি জমি

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মাত্র ৩ ঘণ্টায় দুধকুমার নদের পানি সামান্য (৪ সেমি) কমলেও ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তা নদীর পানি ২ থেকে ১৩ সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

পানি বাড়ায় নদী অববাহিকার নিম্নাঞ্চলের পটল ও পাটক্ষেতে ইতিমিধ্যেই পানি ঢুকতে শুরু করেছে। রাজারহাট উপজেলার বুড়িরহাট এলাকার তিস্তাপাড়ের বাসিন্দা রোস্তম আলী জানান, "পানি যেভাবে বাড়ছে, চরাঞ্চলগুলো দ্রুতই প্লাবিত হয়ে যাবে। চরে লাগানো বাদাম ও পাটক্ষেত নষ্ট হওয়ার মুখে। ঘরবাড়িতে পানি উঠলে গবাদি পশু নিয়ে কোথায় দাঁড়াব তা নিয়ে চিন্তায় আছি।"

৩৫ পয়েন্টে ভাঙন আতঙ্ক: ঘরবাড়ি সরাচ্ছেন নদীপাড়ের মানুষ

পানি বৃদ্ধির সমান্তরালে তীব্র আকার ধারণ করেছে নদীভাঙন। জেলার বিভিন্ন নদ-নদীর তীরবর্তী অন্তত ৩৫টি স্থানে ভাঙন দেখা দেওয়ায় নদীপাড়ের মানুষের মধ্যে হাহাকার শুরু হয়েছে।

সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের বানিয়া পাড়া এলাকার বাসিন্দা আক্কাছ আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, "কয়েক দিন ধরে দুধকুমার নদের পানি বাড়ছে আর ভাঙন চলছে। মানুষজন ভিটেমাটি থেকে ঘরবাড়ি ও গাছপালা সরিয়ে নিচ্ছে। বছরের পর বছর ধরে এখানে ভাঙন চললেও কেউ স্থায়ী নজর দিচ্ছে না।" একই এলাকার আমিনা বেগম আর্তনাদ করে বলেন, "নদী একবারে বাড়ির কাছে চলে এসেছে, তাই ঘরবাড়ি ভেঙে সরিয়ে নিচ্ছি। কিন্তু কোথায় যাব জানি না, কোনো জায়গাজমি তো আর অবশিষ্ট নাই।"

আগামী ৩ দিন বাড়বে পানি: পাউবো

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকায় আগামী আরও তিন দিন জেলার নদ-নদীগুলোর পানি বৃদ্ধি পেতে পারে। এর মধ্যে বিশেষ করে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে, যার ফলে তিস্তা অববাহিকার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

ভাঙন পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, "ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে প্রায় ২৫টি স্থানে বালুভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চালানো হচ্ছে। তবে সরকারি বাজেট বা অনুমতি না থাকায় অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় এই মুহূর্তে কাজ করা যাচ্ছে না।"


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
মাদক বিক্রিতে বাধা দেওয়ায় কলেজ ছাত্রকে কুপিয়ে জখম

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় কলেজ ছাত্রকে কুপিয়ে জখম