রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বেছে নিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কক্ষে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের শুরুতে তারেক রহমান এ সিদ্ধান্তের কথা জানান। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্যরা মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে বেছে নেওয়ায় তাকে শুভেচ্ছা জানান।
বৈঠক চলাকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’
তিনি জানান, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের শুরুতেই রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে প্রার্থী করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণার সঙ্গে সঙ্গে বিএনপির মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মহাসচিবের শূন্য পদে কে আসছেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর রয়েছে।
তিনি বলেন, চেয়ারম্যান বিষয়টি নিয়ে সবার মতামত নিয়ে সিদ্ধান্ত জানাবেন। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
রিজভী বলেন, ‘এখন শুধু রাষ্ট্রপতি পদে দলের মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করার কথা আমরা জানালাম।’
বেলা ১২টায় বিএনপির স্থায়ী কমিটির এ বৈঠক শুরু হয়। এতে দলের স্থায়ী কমিটির সদস্যদের পাশাপাশি সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, চিফ হুইপ ও হুইপরা উপস্থিত ছিলেন।
বৈঠক চলমান রয়েছে বলে জানান রুহুল কবির রিজভী। বৈঠকের মধ্যেই দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান স্থায়ী কমিটির সদস্যসহ দলের সিনিয়র নেতাদের নিয়ে মধ্যাহ্নভোজে অংশ নেন।
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী, আজ ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৬ আগস্ট। আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কালের দাবি ডেস্ক