ঢাকা | বঙ্গাব্দ

সীমান্তে হত্যা আন্তর্জাতিক মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 27, 2026 ইং
সীমান্তে হত্যা আন্তর্জাতিক মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: নাসীরুদ্দীন পাটওয়ারী ছবির ক্যাপশন: সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা আন্তর্জাতিক মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন
ad728

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা আন্তর্জাতিক মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি বলেন, সীমান্তে নিহত ব্যক্তিদের কোনো ধর্মীয় পরিচয় নয়, তাদের একমাত্র পরিচয় তারা বাংলাদেশের নাগরিক এবং সেই পরিচয়েই তারা সহিংসতার শিকার হচ্ছেন।

শুক্রবার (২৭ জুন) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী চাতলাঘাট বাজারে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। সম্প্রতি দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে বাংলাদেশি যুবক মুজিবুর রহমান মুজিব নিহত হওয়ার ঘটনায় প্রতিবাদ জানাতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই কর্মসূচির আয়োজন করে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সীমান্তে নিহতদের অধিকাংশই কৃষক, শ্রমজীবী মানুষ কিংবা সীমান্তবর্তী এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি সীমান্তে প্রাণহানি বন্ধে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-কে আরও কার্যকর ও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান।

পথসভায় বক্তব্য দিয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, সীমান্তে ধারাবাহিকভাবে হত্যাকাণ্ড ঘটলেও সরকারের পক্ষ থেকে যথাযথ ও কার্যকর প্রতিবাদ দেখা যাচ্ছে না। তিনি সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের আরও সক্রিয় ভূমিকার দাবি জানান।

এর আগে এনসিপির কেন্দ্রীয় নেতারা নিহত মুজিবুর রহমান মুজিবের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান। এ সময় তারা নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

পথসভায় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব প্রীতম দাসসহ মৌলভীবাজার জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্বকাপে আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথ: ইতিহাসে এগিয়ে কারা?

বিশ্বকাপে আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথ: ইতিহাসে এগিয়ে কারা?