ঢাকা | বঙ্গাব্দ

২০ বছরের পথচলার ইতি, জাতীয় দলকে বিদায় জানালেন আর্জেন্টাইন মহাতারকা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 31, 2026 ইং
২০ বছরের পথচলার ইতি, জাতীয় দলকে বিদায় জানালেন আর্জেন্টাইন মহাতারকা ছবির ক্যাপশন: আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক লিওনেল মেসি। ফাইল ছবি: ইনস্টাগ্রাম
ad728

আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে লিওনেল মেসির দীর্ঘ ও বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি হতে যাচ্ছে। ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন কিংবদন্তি জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

নিজের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় মেসি জানান, ফাইনালের পর বেশ কিছু সময় পেরিয়ে যাওয়ার পর অনেক ভেবেচিন্তে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। জাতীয় দলের হয়ে খেলা তাঁর কাছে সবসময়ই বিশেষ কিছু ছিল। দীর্ঘ ক্যারিয়ারে আর্জেন্টিনার জার্সির জন্য নিজের সবটুকু উজাড় করে দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

মেসি বলেন, শুধু সাম্প্রতিক সাফল্যের সময় নয়, তারও বহু আগে থেকে তিনি জাতীয় দলের হয়ে লড়াই করেছেন। আর্জেন্টিনার মানুষকে আনন্দ দেওয়া এবং ফুটবলের মাধ্যমে তাদের নিজেদের দেশের জন্য গর্বিত করার চেষ্টা করেছেন।

অবসরের সিদ্ধান্তকে হৃদয়বিদারক উল্লেখ করে মেসি জানান, তিনি জাতীয় দলের হয়ে খেলতে ভালোবাসেন এবং সবসময়ই ভালোবাসবেন। তবে তাঁর মনে হয়েছে, এখন সরে দাঁড়ানোর সঠিক সময়। একই সঙ্গে জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য একদল তরুণ খেলোয়াড়ও উঠে আসছে বলে উল্লেখ করেছেন তিনি।

জাতীয় দলের হয়ে গত ২০ বছরে পাওয়া ভালোবাসার জন্য সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন মেসি। মাঠে থেকে সমর্থকদের কণ্ঠ শোনার অভিজ্ঞতাকে তিনি মিস করবেন বলেও জানিয়েছেন। তবে অবসরের পরও একজন সমর্থক হিসেবে দলের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন আর্জেন্টিনার এই মহাতারকা।

নিজের পরিবার, কোচ, সতীর্থ ও কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন মেসি। জাতীয় দলের দীর্ঘ যাত্রা থেকে অসংখ্য স্মৃতি ও অবিস্মরণীয় মুহূর্ত সঙ্গে করে নিয়ে বিদায় নেওয়ার কথা বলেছেন তিনি।

মেসি আরও জানিয়েছেন, সতীর্থদের সঙ্গে মিলে আর্জেন্টাইন সমর্থকদের এমন কিছু স্বপ্নের মুহূর্ত উপহার দিতে পেরেছেন, যেগুলো একসময় তাঁরা কল্পনাও করতে পারেননি। সেই মুহূর্তগুলো সমর্থকদের সঙ্গে ভাগ করে নেওয়াকে তিনি অবিশ্বাস্য অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন।

বার্তার শেষে আর্জেন্টাইন হিসেবে জন্ম দেওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, চলো, আর্জেন্টিনা!’

মেসি আরও জানান, এই বার্তাটি তিনি ২১ জুলাই, ফাইনালের দুই দিন পর লিখেছিলেন। তবে তাঁর বাবাকে ঘিরে সাম্প্রতিক ঘটনার পর তিনি আগের চেয়েও বেশি নিশ্চিত হয়েছেন যে জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তটিই সঠিক।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
ভিনদেশি ফুটবলের ৯০ মিনিট ও আমাদের লাল-সবুজ আত্মোপলব্ধি

ভিনদেশি ফুটবলের ৯০ মিনিট ও আমাদের লাল-সবুজ আত্মোপলব্ধি