শুধু ফুসফুস নয়, বায়ুদূষণে ক্ষতিগ্রস্ত হতে পারে হৃদ্যন্ত্র ও মস্তিষ্কও
বায়ুদূষণকে সাধারণত শ্বাসতন্ত্রের সমস্যা হিসেবে দেখা হলেও এর প্রভাব শুধু ফুসফুসে সীমাবদ্ধ নয়। দূষিত বাতাসে থাকা অতি সূক্ষ্ম কণা ফুসফুসের গভীরে পৌঁছে রক্তের মাধ্যমে শরীরের অন্যান্য অঙ্গকেও প্রভাবিত করতে পারে। এতে হৃদ্যন্ত্র, রক্তনালি ও মস্তিষ্কের ক্ষতির পাশাপাশি হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ তামিলের এক প্রতিবেদনে ফুসফুস বিশেষজ্ঞ ডা. মালবিকার বরাতে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
ফুসফুসের গভীরে পৌঁছায় পিএম ২.৫ কণা
বাতাসে থাকা পিএম ২.৫ কণা এতটাই ক্ষুদ্র যে নাক ও শ্বাসনালির স্বাভাবিক প্রতিরোধব্যবস্থা এড়িয়ে ফুসফুসের একেবারে গভীরে পৌঁছাতে পারে। ফুসফুসের অ্যালভিওলাই বা ক্ষুদ্র বায়ুথলিতে এসব কণা জমা হতে পারে।
পিএম ২.৫ বলতে ২ দশমিক ৫ মাইক্রোমিটার বা তার চেয়ে কম ব্যাসের সূক্ষ্ম কণাকে বোঝায়। এগুলো বাতাসে ভেসে থাকা কঠিন পদার্থ কিংবা তরল ফোঁটা হতে পারে। এসব কণা ও দূষিত বাতাসে থাকা রাসায়নিক উপাদান শরীরের প্রদাহজনিত প্রতিক্রিয়া তৈরি করতে পারে। কিছু উপাদান রক্তপ্রবাহের মাধ্যমে শরীরের অন্য অংশেও প্রভাব ফেলতে পারে।
ফুসফুসে প্রদাহ ও শ্বাসকষ্ট
ফুসফুস বিশেষজ্ঞ ডা. মালবিকার মতে, বায়ুদূষণের সরাসরি প্রভাব পড়ে শ্বাসতন্ত্রে। দূষিত বাতাসের কারণে শ্বাসনালিতে প্রদাহ তৈরি হতে পারে। শ্বাসনালির পেশি সংকুচিত হয়ে ব্রঙ্কোস্পাজম দেখা দিতে পারে। এতে শ্বাস নিতে কষ্ট হয় এবং শ্বাসের সঙ্গে শিস দেওয়ার মতো শব্দ হতে পারে, যাকে হুইজিং বলা হয়।
আগে থেকেই হাঁপানি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি) থাকলে দূষণের কারণে এসব রোগের উপসর্গ বেড়ে যেতে পারে। হাঁপানির আকস্মিক আক্রমণ হতে পারে, আর সিওপিডি রোগীদের কাশি, কফ ও শ্বাসকষ্ট বাড়তে পারে।
হৃৎপিণ্ড ও রক্তনালির ওপর প্রভাব
বায়ুদূষণের প্রভাব পড়ে হৃদ্যন্ত্রেও। বিশেষজ্ঞের মতে, দূষিত বাতাসের সংস্পর্শে হৃৎস্পন্দন ও রক্তচাপে পরিবর্তন দেখা দিতে পারে। রক্তনালিতে প্রদাহ বা স্ফীতিও হতে পারে।
এ ছাড়া শরীরে অক্সিডেটিভ স্ট্রেস বাড়তে পারে। শরীরে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস বা সক্রিয় অক্সিজেনজাত অণু এবং সেগুলোকে নিষ্ক্রিয় করার অ্যান্টি-অক্সিডেন্ট ব্যবস্থার মধ্যে ভারসাম্য নষ্ট হলে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয়। এর ফলে কোষ ও টিস্যু ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।
বিশেষজ্ঞের মতে, বায়ুদূষণের কারণে রক্ত জমাট বাঁধার ঝুঁকিও বাড়তে পারে। দীর্ঘদিন দূষিত বাতাসের সংস্পর্শে থাকলে হার্ট অ্যাটাক ও অন্যান্য হৃদ্রোগের আশঙ্কা বেড়ে যায়।
মস্তিষ্কে ক্ষতি ও স্ট্রোকের ঝুঁকি
মারাত্মক বায়ুদূষণের কারণে রক্তনালি ক্ষতিগ্রস্ত হতে পারে। এর প্রভাব মস্তিষ্কের রক্তনালিতেও পড়তে পারে, যা স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। দূষিত বাতাসের সংস্পর্শে মাথাব্যথাসহ অন্যান্য সমস্যাও দেখা দিতে পারে।
বায়ুদূষণে যেসব লক্ষণ দেখা দিতে পারে
বায়ুদূষণের ক্ষতিকর প্রভাবের কারণে বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দিতে পারে। ডা. মালবিকার উল্লেখ করা লক্ষণগুলোর মধ্যে রয়েছে—
চোখে জ্বালাপোড়া
গলাব্যথা ও গলায় ফোলাভাব
দীর্ঘস্থায়ী কাশি
বুকে চাপ অনুভব করা
শ্বাস নেওয়ার সময় শিসের মতো শব্দ
শ্বাসকষ্ট
মাথাব্যথা
আগে থেকে হাঁপানি থাকলে হঠাৎ অ্যাটাক হতে পারে। সিওপিডি রোগীদের কাশি, কফ ও শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে।
দীর্ঘদিন দূষিত বাতাসে থাকলে কী হতে পারে
দীর্ঘ সময় ধরে সূক্ষ্ম কণা, বিশেষ করে পিএম ২.৫-এর সংস্পর্শে থাকলে ফুসফুসের স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত হতে পারে। হাঁপানি রোগীদের শ্বাসনালির প্রদাহ বেড়ে ঘন ঘন সমস্যা দেখা দিতে পারে। রোগ নিয়ন্ত্রণ করাও কঠিন হয়ে উঠতে পারে।
সিওপিডি রোগীদের ক্ষেত্রে দীর্ঘদিন দূষিত বাতাসে থাকা রোগের অবনতি ঘটাতে পারে। বিশেষ করে ধূমপান, জৈব জ্বালানির ধোঁয়া কিংবা কর্মক্ষেত্রে নিয়মিত ধুলাবালুর সংস্পর্শে থাকলে ঝুঁকি আরও বাড়ে। কোনো কোনো ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হতে পারে।
বায়ুদূষণ ফুসফুসের ক্যানসারের ঝুঁকিও বাড়াতে পারে। তাই ফুসফুসের ক্যানসারের একমাত্র কারণ ধূমপান—এমন ধারণা সঠিক নয়। দূষিত বাতাসে থাকা সূক্ষ্ম কণার দীর্ঘমেয়াদি সংস্পর্শও এ রোগের ঝুঁকির সঙ্গে সম্পর্কিত।
এ ছাড়া হৃদ্যন্ত্র ও রক্তনালির ওপর দীর্ঘস্থায়ী প্রভাবের কারণে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে। নিয়মিত দূষিত বাতাসে থাকলে কাশি, কফ, ব্যায়াম বা শারীরিক পরিশ্রমে ক্লান্তি এবং বারবার শ্বাসতন্ত্রের সংক্রমণ দেখা দিতে পারে।
অল্প সময়ের দূষণ কি স্থায়ী ক্ষতি করে?
অল্প সময়ের জন্য দূষিত বাতাসের সংস্পর্শে এলেই ফুসফুসের স্থায়ী ক্ষতি হবে, এমনটি নিশ্চিত করে বলা যায় না বলে জানিয়েছেন ডা. মালবিকা। তাঁর মতে, বেশির ভাগ মানুষের ক্ষেত্রে ফুসফুসে সাময়িক ফোলাভাব ও প্রদাহ তৈরি হয়। দূষণের সংস্পর্শ কমে গেলে এসব সমস্যা অনেক সময় কমে আসে।
তবে আগে থেকেই ফুসফুসের রোগে আক্রান্ত ব্যক্তিদের গুরুতর ও দীর্ঘস্থায়ী ক্ষতির ঝুঁকি বেশি। ফুসফুসের ক্ষতি কতটা মেরামত করা সম্ভব, তা নির্ভর করে দূষণের মাত্রা, কত দিন দূষিত বাতাসের সংস্পর্শে ছিলেন এবং আগে থেকে হাঁপানি, সিওপিডি বা হৃদ্রোগ আছে কি না—এসব বিষয়ের ওপর।
মৃদু প্রদাহ ও সাময়িক ব্রঙ্কোস্পাজমের ক্ষেত্রে উন্নতি সম্ভব। তবে ফুসফুসের টিস্যুতে গুরুতর ক্ষতি বা ফাইব্রোসিস তৈরি হলে তা দীর্ঘমেয়াদি সমস্যা হয়ে দাঁড়াতে পারে।
কীভাবে চিকিৎসা করা হয়
বায়ুদূষণের কারণে সৃষ্ট সমস্যার চিকিৎসা নির্ভর করে রোগীর উপসর্গ ও রোগের তীব্রতার ওপর। শ্বাসনালি সংকুচিত হলে চিকিৎসকের পরামর্শে ব্রঙ্কোডাইলেটর দেওয়া হতে পারে। রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেলে প্রয়োজন অনুযায়ী অক্সিজেন থেরাপি দেওয়া হয়।
দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট বা শারীরিক পরিশ্রমে অসুবিধা হলে পালমোনারি রিহ্যাবিলিটেশন বা ফুসফুসের কার্যকারিতা উন্নত করার পুনর্বাসনমূলক চিকিৎসার প্রয়োজন হতে পারে। হৃদ্যন্ত্রের সমস্যা দেখা দিলে সেটিরও আলাদা চিকিৎসা করতে হয়।
তবে শুধু বায়ুদূষণের আশঙ্কায় আগাম অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড বা নেবুলাইজেশন নেওয়ার প্রয়োজন নেই। রোগীর উপসর্গ ও চিকিৎসা পরীক্ষার ফল অনুযায়ী চিকিৎসক প্রয়োজনীয় ব্যবস্থা নির্ধারণ করবেন।
কখন দ্রুত হাসপাতালে যাবেন
দূষিত বাতাসের সংস্পর্শে আসার পর কিছু লক্ষণ দেখা দিলে দেরি না করে হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে—
শ্বাস নিতে তীব্র কষ্ট হলে
শ্বাসকষ্টের কারণে সম্পূর্ণ বাক্য বলতে না পারলে
বুকে ব্যথা হলে
মাথা ঘোরা, ঝিমঝিম করা বা অজ্ঞান হয়ে গেলে
শ্বাসের সঙ্গে শিসের মতো শব্দ হলে
চিকিৎসকের দেওয়া ওষুধেও উপসর্গ না কমলে
রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেলে
বায়ুদূষণের প্রভাব সবার ক্ষেত্রে এক রকম হয় না। তবে আগে থেকে শ্বাসতন্ত্র বা হৃদ্রোগে আক্রান্ত ব্যক্তিদের সতর্ক থাকা জরুরি। উপসর্গ দেখা দিলে নিজে নিজে ওষুধ না খেয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়াই নিরাপদ।
সূত্র: বিবিসি নিউজ তামিল

কালের দাবি ডেস্ক