ঢাকা | বঙ্গাব্দ

রাজনৈতিক মতপার্থক্যকে রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ রাখুন: সাইফুল হক

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
রাজনৈতিক মতপার্থক্যকে রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ রাখুন: সাইফুল হক ছবির ক্যাপশন: জুলাই গণঅভ্যুত্থানবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
ad728

নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ৩১ জুলাই ২০২৬: অতীতের বিভিন্ন বিপ্লব ও গণঅভ্যুত্থান হটকারিতা, সহিংসতা ও আত্মঘাতী তৎপরতার কারণে ব্যর্থ হয়েছে উল্লেখ করে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের অংশীদারদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

তিনি বলেছেন, রাজনৈতিক মতপার্থক্যকে রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। নিজেদের মধ্যে আত্মঘাতী সংঘাত-সংঘর্ষে জড়িয়ে পড়লে অপশক্তি এর সুযোগ নিতে পারে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে ঢাকার নাখালপাড়ায় আহরিকা হোটেল মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির স্থানীয় শাখা কমিটির উদ্যোগে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, বিশ্বের অনেক বিপ্লব ও অভ্যুত্থান আত্মঘাতী তৎপরতা, সহিংসতা ও অতিমাত্রায় বাড়াবাড়ির কারণে ব্যর্থ হয়েছে এবং প্রতিবিপ্লবের জমিন তৈরি করেছে। অতীতের অসংখ্য বিপ্লব ও গণঅভ্যুত্থান হটকারিতা ও নৈরাজ্যের মধ্য দিয়ে সেসব আন্দোলনের নেতা ও সন্তানদেরই ক্ষতিগ্রস্ত করেছে।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের অংশীদারদের এ বিষয়ে সতর্ক করে তিনি বলেন, রাজনৈতিক মতবিরোধ রাজনৈতিক পরিসরের মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত। নিজেদের মধ্যে সংঘাত-সংঘর্ষে জড়িয়ে পড়লে অপশক্তি পরিস্থিতির সুযোগ নিতে পারে।

তিনি বলেন, এক যাত্রায় সবকিছু অর্জন করার চিন্তা না করাই ভালো। সবকিছু যদি বিএনপি সরকারকে দিয়ে করিয়ে নিতে হয়, তাহলে অন্যদের আর রাজনীতি করার প্রয়োজন থাকবে না।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের গণআকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপি সরকারকে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সাইফুল হক।

সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগঠক ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য ফিরোজ আলী, শ্রমিকনেতা জাকির হোসেন তালুকদার, মকবুল হোসেন ও আজাদ হোসেন হৃদয় প্রমুখ।

বহ্নিশিখা জামালী বলেন, অনেক রক্তের বিনিময়ে অর্জিত জুলাই গণঅভ্যুত্থান কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। জুলাইয়ের মালিকানা নিয়ে যে প্রতিযোগিতা শুরু হয়েছে, তা শহীদদের প্রতি অবমাননার শামিল।

তিনি রাজনৈতিক মতপার্থক্যের মধ্যেও জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নে রাজনৈতিক দল ও জনগণের ঐক্য ধরে রাখার আহ্বান জানান।

সভা শুরুর আগে জুলাই গণঅভ্যুত্থানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুই শহীদ বদিউজ্জামাল ও আবদুল লতিফসহ জুলাইয়ের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জরুরি সতর্কবার্তা

সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জরুরি সতর্কবার্তা