ক্রিকেটার সাকিব আল হাসানের দেশে ফেরার ক্ষেত্রে এখন আর স্বাভাবিক কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। রাজনৈতিক অবস্থানের কারণে তাকে দেশে ফিরতে হলে আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার (৭ আগস্ট) এক বিবৃতিতে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সাকিবের দেশে ফেরার বিষয়ে সরকার আগে নমনীয় ও সহনশীল অবস্থান নিয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে সেই অবস্থান আর বজায় রাখার সুযোগ নেই।
তিনি বলেন, রাজনৈতিক অবস্থানের কারণে স্বাভাবিক প্রক্রিয়ায় সাকিব আল হাসানের দেশে ফেরার আর কোনো সুযোগ নেই। একজন খেলোয়াড় হিসেবে বিষয়টি সরকার এতদিন নমনীয়ভাবে বিবেচনা করলেও এখন পরিস্থিতি ভিন্ন।
সাকিব দেশে ফিরতে চাইলে আইনগতভাবেই ফিরতে হবে উল্লেখ করে আমিনুল হক বলেন, রাজনৈতিক কর্মকাণ্ড বা সংশ্লিষ্টতার কারণে তার দেশে ফেরার ক্ষেত্রে আইনি প্রক্রিয়াই অনুসরণ করতে হবে।
এর আগে একটি বিদেশি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব আল হাসান দেশে ফেরা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছিলেন। তিনি বলেছিলেন, এখনই দেশে ফেরা সম্ভব না হলে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার চেষ্টা করবেন। শেখ হাসিনার সিদ্ধান্ত ও নির্দেশনা অনুসরণ করার কথাও ওই সাক্ষাৎকারে উল্লেখ করেন তিনি।
সাকিবের ওই বক্তব্যের পর দেশে তার ফেরার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। এর মধ্যেই ক্রীড়া প্রতিমন্ত্রীর বক্তব্যে সরকার সাকিবের দেশে ফেরার বিষয়ে কঠোর অবস্থান স্পষ্ট করল।

কালের দাবি ডেস্ক