ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশও একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে, আশাবাদী জামাল ভূঁইয়া

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 28, 2026 ইং
বাংলাদেশও একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে, আশাবাদী জামাল ভূঁইয়া ছবির ক্যাপশন: বাংলাদেশও ফুটবল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে
ad728

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বিশ্বাস করেন, সঠিক পরিকল্পনা, মানসম্পন্ন প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তি এবং ঘরোয়া ফুটবলের উন্নয়ন ঘটাতে পারলে একদিন বাংলাদেশও ফুটবল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে অবস্থান করা জামাল ভূঁইয়া নিউইয়র্কে বিশ্বের প্রথম খেলাধুলাভিত্তিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গেমপ্লিফাই এক্সওয়াইজেড আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

জামাল বলেন, কেপ ভার্দে ও কুরাসাওয়ের মতো ছোট দেশগুলোও বিশ্বকাপে খেলছে, কারণ তাদের অনেক ফুটবলার নিয়মিত ইউরোপের বিভিন্ন লিগে খেলেন। একইভাবে মরক্কোও প্রবাসী খেলোয়াড়দের নিয়ে শক্তিশালী দল গড়ে বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল। বাংলাদেশের ক্ষেত্রেও হামজা চৌধুরী ও শামিত সোমের মতো ফুটবলারদের পাশাপাশি আরও দক্ষ প্রবাসী খেলোয়াড় যুক্ত হলে জাতীয় দলের শক্তি অনেক বাড়বে বলে তিনি মনে করেন।

তবে বিশ্বকাপে ওঠার পথে দেশের ফুটবলের কিছু বড় সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন বাংলাদেশ অধিনায়ক। তার মতে, ঘরোয়া লিগে ক্লাবগুলো বিদেশি ফরোয়ার্ডদের ওপর অতিরিক্ত নির্ভরশীল হওয়ায় স্থানীয় স্ট্রাইকার তৈরি হচ্ছে না। পাশাপাশি ফুটবলের কার্যক্রম মূলত ঢাকা-কেন্দ্রিক হওয়ায় দেশের অন্যান্য অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়রা পর্যাপ্ত সুযোগ পাচ্ছেন না।

জামাল আরও বলেন, সাবেক কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সময় বাংলাদেশ ফুটবল পিছিয়ে পড়েছিল। তবে বর্তমান কোচ টমাস ডুলির অধীনে দল আবার ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে। সান মারিনোর বিপক্ষে জয় সেই অগ্রগতিরই একটি উদাহরণ বলে উল্লেখ করেন তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন জামাল। তিনি জানান, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ব্রাজিলের ম্যাচ সরাসরি মাঠে বসে দেখার পরিকল্পনা রয়েছে তার।

এদিকে বিশ্বকাপের নকআউট পর্বে কেপ ভার্দে ও আর্জেন্টিনার ম্যাচ নিয়েও নিজের আগ্রহের কথা জানান বাংলাদেশ অধিনায়ক। তিনি মনে করেন, ছোট দলগুলোও এখন বড় দলগুলোর জন্য কঠিন চ্যালেঞ্জ তৈরি করতে সক্ষম।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
পবিত্র আশুরা আজ, শোক-ত্যাগ ও সত্য প্রতিষ্ঠার চিরন্তন শিক্ষা

পবিত্র আশুরা আজ, শোক-ত্যাগ ও সত্য প্রতিষ্ঠার চিরন্তন শিক্ষা