ঢাকা | বঙ্গাব্দ

ক্যাশলেস অর্থনীতি গড়তে ‘বাংলা কিউআর’ ব্যবহারের আহ্বান

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026 ইং
ক্যাশলেস অর্থনীতি গড়তে ‘বাংলা কিউআর’ ব্যবহারের আহ্বান ছবির ক্যাপশন: ক্যাশলেস বাংলাদেশ গড়তে ‘বাংলা কিউআর’ ব্যবহারে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ছবি: বাসস
ad728

ঢাকা, ১ আগস্ট ২০২৬: গ্রাহক ও বিক্রেতাদের জন্য নিরাপদ, সহজ ও সমন্বিত ডিজিটাল পেমেন্ট সুবিধা নিশ্চিত করে ক্যাশলেস অর্থনীতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ‘বাংলা কিউআর’। আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো এবং নগদ লেনদেনের ওপর নির্ভরতা কমাতে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের এ প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে ডিজিটাল ও সমন্বিত পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে হবিগঞ্জে আয়োজিত এক সচেতনতামূলক মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।

গত ২৯ জুলাই হবিগঞ্জ টাউন হলে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ‘বাংলা কিউআর’-এর ব্যবহার ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে ব্র্যাক ব্যাংক।

শনিবার ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, সরকারি প্রতিনিধি, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী, উদ্যোক্তা, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

ব্র্যাক ব্যাংকের সিলেট অঞ্চলের রিজিওনাল হেড রেজাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের নির্বাহী পরিচালক খালেদ আহমদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম এবং হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল নাদরুন বিন আকন।

সভায় ‘বাংলা কিউআর’-এর ব্যবহার, সুবিধা ও সম্ভাবনা তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের ই-কমার্স মার্চেন্ট অ্যাকোয়ারিংয়ের সিনিয়র ম্যানেজার রায়হানুল কবির।

বক্তারা বলেন, ‘বাংলা কিউআর’-এর ব্যাপক ব্যবহার নগদ অর্থের ব্যবহার কমানোর পাশাপাশি ব্যবসায়ীদের জন্য পেমেন্ট গ্রহণ সহজ করবে। একই সঙ্গে লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত এবং ব্যবসার হিসাব-নিকাশ আরও কার্যকর করতে এটি সহায়ক হবে।

বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাত ‘বাংলা কিউআর’ ব্যবহারের মাধ্যমে উল্লেখযোগ্যভাবে উপকৃত হতে পারে বলে সভায় উল্লেখ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় উদ্যোক্তাদের মধ্যে ‘বাংলা কিউআর’ স্ট্যান্ডি ও স্টিকার বিতরণ করেন। এর মাধ্যমে ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট গ্রহণে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ বাস্তবায়নে লিড ব্যাংক হিসেবে কাজ করছে ব্র্যাক ব্যাংক। ‘বাংলা কিউআর’-এর গ্রহণযোগ্যতা বৃদ্ধি, নতুন মার্চেন্ট যুক্ত করা, জনসচেতনতা তৈরি এবং ডিজিটাল লেনদেনের ব্যবহার বাড়াতে ব্যাংকটির কার্যক্রম অব্যাহত রয়েছে। (বাসস)


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আনচেলত্তির তিন সিদ্ধান্তেই কি বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিলের?

আনচেলত্তির তিন সিদ্ধান্তেই কি বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিলের?