ফুটবল বিশ্বের সবচেয়ে বড় রোমাঞ্চ, সবচেয়ে বড় পরাশক্তিদের লড়াই— 'সুপারক্লাসিকো'। ফুটবলপ্রেমীদের মনে এখন একটাই বড় প্রশ্ন, চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপে কি দেখা যাবে ব্রাজিল বনাম আর্জেন্টিনার সেই মহাকাব্যিক যুদ্ধ? নেইমার-ভিনিসিয়ুস বনাম মেসি-মার্টিনেজদের দ্বৈরথ দেখার জন্য চাতক পাখির মতো চেয়ে আছেন কোটি কোটি সমর্থক। অবশেষে এই মেগা ম্যাচ নিয়ে সামনে এলো আসল সমীকরণ!
ফিফার নতুন ৪৮ দলের ফরম্যাটের কারণে এবারের বিশ্বকাপের গ্রুপ বিন্যাস অনেকটাই বদলে গেছে। গ্রুপ পর্বের ড্র ভাগ্য অবশ্য দুই পরাশক্তিকে দুই প্রান্তে ঠেলে দিয়েছে। ব্রাজিল লড়ছে গ্রুপ 'সি'-তে, আর বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দাপট দেখাচ্ছে গ্রুপ 'জে'-তে। ফলে গ্রুপ পর্বে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়ার কোনো সুযোগই নেই।
তাহলে কি অধরাই থেকে যাবে এই মহারণ?
নাহ, আশা এখনই শেষ হয়ে যাচ্ছে না! ফুটবল ভক্তদের জন্য আসল টুইস্ট লুকিয়ে আছে নকআউট পর্বে। দুই দলই যদি গ্রুপ পর্বের বাধা টপকে রাউন্ড অব ৩২ বা শেষ বত্রিশে পা রাখে, তবেই তৈরি হতে পারে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত।
যদি কোনো কারণে এক দল গ্রুপ চ্যাম্পিয়ন এবং অন্য দল রানার্স-আপ হিসেবে পরবর্তী রাউন্ডে যায়, তবে টুর্নামেন্টের নকআউট পর্বের শুরুর দিকেই (শেষ ১৬ বা কোয়ার্টার ফাইনালে) মুখোমুখি হতে পারে এই দুই দল। আর দুই দলই যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নিজেদের আধিপত্য ধরে রেখে টুর্নামেন্টে এগিয়ে যায়, তবে ফুটবল বিশ্ব দেখতে পারে এক স্বপ্নের সেমিফাইনাল বা মেগা ফাইনাল!
বর্তমানে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সাথে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে সুবিধাজনক অবস্থানে আছে সেলেসাওরা। অন্যদিকে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে আলবিসেলেস্তেরা। এখন কোটি টাকার প্রশ্ন হলো, নকআউটের কঠিন বৈতরণী পার করে ফুটবল বিশ্বকে কি সেই স্বপ্নের 'ব্রাজিল-আর্জেন্টিনা' ম্যাচ উপহার দিতে পারবে এই দুই দল? উত্তর লুকিয়ে আছে মাঠের লড়াইয়ে!
কালের দাবি ডেস্ক