দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৪৪ জন।
শনিবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৭ জুন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ হাজার ২৬৬ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৪৫ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। ফলে দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৫৯৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৮১ হাজার ৯৫৫ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৮ হাজার ২৭৭ জন।
এদিকে, হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যাও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে ২৭ জুন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৬১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে ৯৩ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামজনিত বলে শনাক্ত করা হয়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা, আক্রান্ত ব্যক্তিদের দ্রুত শনাক্তকরণ এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান অত্যন্ত জরুরি। স্বাস্থ্য অধিদপ্তরও অভিভাবকদের শিশুদের টিকাদান কর্মসূচির আওতায় আনার পাশাপাশি জ্বর, র্যাশ ও অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।
কালের দাবি ডেস্ক