বাংলাদেশসহ বিশ্বের ১৬টি প্রধান বাণিজ্যিক অংশীদারের পণ্যে নতুন করে শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগে তদন্ত শেষে এসব দেশের পণ্যে নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিতে পারে ট্রাম্প প্রশাসন।
মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্রের সময় মঙ্গলবার বিকেলে অথবা বাংলাদেশ সময় বুধবার রাতে তদন্তের ফল প্রকাশ হতে পারে। নতুন শুল্ক কার্যকর হলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি ব্যয় আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
অতিরিক্ত উৎপাদন সক্ষমতার অভিযোগে তদন্ত
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ১৬টি প্রধান বাণিজ্যিক অংশীদারের বিরুদ্ধে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা নিয়ে তদন্ত শেষ করেছে ট্রাম্প প্রশাসন। অভিযোগ, এসব দেশ তাদের বাজারের চাহিদার তুলনায় বেশি পণ্য উৎপাদন করছে। এর ফলে যুক্তরাষ্ট্রের বাজারে আমদানি করা বিভিন্ন পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের উদ্যোগ নেওয়া হচ্ছে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিতে পারে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আগে থেকেই আরোপিত শুল্কের সঙ্গে নতুন শুল্ক যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের আরোপ করা কিছু শুল্ক বাতিল করেন। নতুন করে প্রস্তাবিত শুল্ক ওই শুল্কগুলোর আংশিক বিকল্প হিসেবে কার্যকর হতে পারে।
কত হতে পারে নতুন শুল্কের হার?
নতুন শুল্কের হার এখনো চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রতিটি দেশের জন্য পৃথকভাবে শুল্কের হার নির্ধারণ করা হতে পারে। তবে মেক্সিকো ও নরওয়ের পণ্যে তাৎক্ষণিকভাবে নতুন শুল্ক আরোপের সম্ভাবনা কম।
১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ নম্বর ধারার আওতায় যুক্তরাষ্ট্রের বড় বাণিজ্যিক অংশীদারদের বিরুদ্ধে তদন্ত পরিচালনা করছে ইউএসটিআর। অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার প্রমাণ পাওয়ার কথা জানিয়ে এই তদন্ত শুরু করা হয়েছিল।
চূড়ান্ত হওয়া বিভিন্ন বাণিজ্য চুক্তিতে শুল্কের সর্বোচ্চ যে হার নির্ধারণ করা হয়েছে, নতুন শুল্ক আরোপের ক্ষেত্রে হোয়াইট হাউস তা অনুসরণ করতে পারে। এসব চুক্তি অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যে সর্বোচ্চ ১৫ শতাংশ এবং মালয়েশিয়ার পণ্যে ১৯ শতাংশ শুল্ক আরোপের সীমা রয়েছে।
চীনের ক্ষেত্রে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে শুল্কের সর্বোচ্চ হার ২০ শতাংশে সীমাবদ্ধ রাখার কথা রয়েছে। তবে আগামী ১০ জানুয়ারি মেয়াদ শেষ হতে যাওয়া যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যিক সমঝোতার মেয়াদ বাড়ানো হলে এই সীমা কার্যকর থাকবে। সমঝোতার মেয়াদ শেষ হলে চীনের অতিরিক্ত উৎপাদন সক্ষমতার অভিযোগে শুল্ক আরও বাড়তে পারে।
১৫ থেকে ২৫ শতাংশ শুল্কের প্রস্তাব আসতে পারে
রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর ও হোয়াইট হাউস। তবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা রায়ান মাজেরাস মনে করেন, তদন্তের বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হতে পারে। সেখানে ১৬টি বাণিজ্যিক অংশীদারের জন্য পৃথক শুল্ক আরোপের সুপারিশ থাকতে পারে।
আইনজীবী প্রতিষ্ঠান কিং অ্যান্ড স্প্যালডিংয়ের অংশীদার মাজেরাসের মতে, যেসব দেশের বিভিন্ন খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা রয়েছে বলে মনে করা হচ্ছে, সেসব দেশ থেকে আমদানি করা পণ্যে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব দিতে পারে ট্রাম্প প্রশাসন।
জোরপূর্বক শ্রমবিরোধী আইন যথাযথভাবে প্রয়োগ না করার অভিযোগে পৃথক তদন্তের আওতায় আগে থেকেই আরোপিত ১০ অথবা ১২ দশমিক ৫ শতাংশ শুল্কের সঙ্গে নতুন শুল্ক যুক্ত হতে পারে।
তবে ট্রাম্প প্রশাসন চাইলে তুলনামূলক কম শুল্কের প্রস্তাবও দিতে পারে বলে মনে করেন মাজেরাস। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলো অতিরিক্ত উৎপাদন সক্ষমতা কমাতে কার্যকর পদক্ষেপ না নিলে ধাপে ধাপে শুল্ক বাড়ানোর শর্ত থাকতে পারে।
তদন্তের আওতায় বাংলাদেশসহ ১৬ দেশ
অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের তদন্তের আওতায় রয়েছে চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, বাংলাদেশ ও কম্বোডি। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নও তদন্তের আওতায় রয়েছে।
এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, চলতি সপ্তাহেই তদন্তের ফল প্রকাশ করা হতে পারে। রয়টার্সের তথ্য অনুযায়ী, গত মার্চে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে তদন্ত শুরু করে ইউএসটিআর। একই সময়ে ৫৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে জোরপূর্বক শ্রমবিরোধী আইন যথাযথভাবে প্রয়োগ করা হচ্ছে কি না, তা নিয়েও পৃথক তদন্ত শুরু হয়।
এই দুই তদন্তের মাধ্যমে ট্রাম্পের ‘লিবারেশন ডে’ উপলক্ষে বিশ্বজুড়ে আরোপ করা শুল্ক পুনর্বহাল করতে চায় প্রশাসন। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ওই শুল্ক বাতিল করেছিলেন।
চীনের অতিরিক্ত উৎপাদন নিয়ে ওয়াশিংটনের অভিযোগ
অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার জন্য চীনকে সবচেয়ে বেশি দায়ী করছে ট্রাম্প প্রশাসন। তাদের অভিযোগ, চীন অতিরিক্ত উৎপাদিত ইস্পাত, অ্যালুমিনিয়াম, বৈদ্যুতিক গাড়ি, গৃহস্থালি যন্ত্রপাতি ও সৌরবিদ্যুৎ পণ্যসহ বিভিন্ন পণ্য বিশ্ববাজারে সরবরাহ করে বাজার সয়লাব করছে। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে বেইজিং। চীনের দাবি, তাদের রপ্তানি সক্ষমতার পেছনে রয়েছে প্রতিযোগিতামূলক সুবিধা।
দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশে চীনের বিনিয়োগও এই তদন্তের অন্যতম লক্ষ্য। ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও কম্বোডির মতো দেশে কারখানা স্থাপন করে যুক্তরাষ্ট্রের বাজারের জন্য পণ্য তৈরি করছে চীনা প্রতিষ্ঠানগুলো। এসব দেশের মাধ্যমে আগের মার্কিন শুল্ক এড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে মনে করে ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যিক সমঝোতা অনুযায়ী, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে চীনা পণ্যে আরোপিত শুল্কের হার সর্বোচ্চ ২০ শতাংশে সীমাবদ্ধ রাখা হয়েছে। এর বাইরে ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপিত প্রায় ২৫ শতাংশ শুল্কও রয়েছে।
এদিকে চীনের সব আমদানি পণ্যের ওপর জোরপূর্বক শ্রমবিরোধী শুল্ক হিসেবে ইতোমধ্যে ১২ দশমিক ৫ শতাংশ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ফলে ২০ শতাংশের নির্ধারিত সীমায় পৌঁছাতে শুল্ক বাড়ানোর সুযোগ রয়েছে আর মাত্র ৭ দশমিক ৫ শতাংশ।

কালের দাবি ডেস্ক