ঢাকা | বঙ্গাব্দ

তৌফিক ইমরোজ খালিদী ছিলেন বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অনুকরণীয় উদাহরণ: সাইফুল হক

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 26, 2026 ইং
তৌফিক ইমরোজ খালিদী ছিলেন বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অনুকরণীয় উদাহরণ: সাইফুল হক ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

মিডিয়া সুপারস্টেটের ভূমিকা পালন করছে, তথ্য-বস্তুনিষ্ঠতা না থাকলে বিপদ: সাইফুল হক






ডিজিটাল সাংবাদিকতার পথিকৃৎ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার এক অনুকরণীয় উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

তিনি বলেছেন, ‘মিডিয়া যখন হিরোকে জিরো, জিরোকে হিরো বানায়, তথ্য আর সংবাদ কোনটি তা যখন আলাদা করা কঠিন হয়ে পড়ে, তখন তৌফিক ইমরোজ খালিদীর সাংবাদিকতা আমাদের জন্য একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত।’

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘তুমি রবে নীরবে হৃদয়ে মম: তৌফিক ইমরোজ খালিদী স্মরণসভা’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।  সাইফুল হক বলেন, তৌফিক ইমরোজ খালিদী ছিলেন স্পষ্টবাদী ও মতাদর্শসম্পন্ন মানুষ। রাজনৈতিকভাবে তার নিজস্ব অবস্থান ও পক্ষপাত ছিল। কিন্তু পেশাগত জীবনে সাংবাদিকতার ক্ষেত্রে তার পেশাদারিত্ব ও বস্তুনিষ্ঠতা ছিল অনুকরণীয়।

তিনি বলেন, ‘একজন আধুনিক মানুষ রাজনৈতিক প্রাণী। তাই মতাদর্শ থাকা বা কোনো বিষয়ে পক্ষপাত থাকা স্বাভাবিক। কিন্তু সংবাদপেশায় মানুষ খবর জানার জন্যই গণমাধ্যমের কাছে আসে। সেই জায়গা থেকে তৌফিক ছিলেন ব্যতিক্রমী।’

তৌফিকের সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্কের স্মৃতিচারণ করে সাইফুল হক বলেন, বিডিনিউজে থাকাকালে তৌফিক তাকে কয়েকবার সাক্ষাৎকার নিয়েছেন। বিভিন্ন সময় তাদের দেখা ও কথাবার্তা হয়েছে। এমনকি কয়েকবার তাকে বাসায় দাওয়াতও দিয়েছিলেন তৌফিক। তবে তার সেই আমন্ত্রণে যেতে না পারার আফসোস রয়ে গেছে বলে জানান তিনি। তৌফিকের সাংবাদিকতার মূল্যায়ন করতে গিয়ে সাইফুল হক বলেন, ‘যখন ঘটনা তখন সংবাদ’ এই নীতির জায়গায় তৌফিক ছিলেন অনলাইন সাংবাদিকতার একটি প্রতিকৃতি। তার মতে, তৌফিকের সাংবাদিকতার সবচেয়ে বড় শক্তি ছিল তথ্যের প্রতি দায়বদ্ধতা ও বস্তুনিষ্ঠতা। বর্তমান গণমাধ্যম পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এখন গণমাধ্যম কার্যত একটি ‘সুপারস্টেটের’ ভূমিকা পালন করছে। মানুষের চিন্তা, ভাবনা, মনন, মানসিকতা, শিক্ষা, সংস্কৃতি, বোধ ও অনুভূতি কোনো না কোনোভাবে গণমাধ্যম দ্বারা প্রভাবিত হচ্ছে।

‘সেই মিডিয়া যদি সত্যিকার অর্থে তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ না হয়, তাহলে বিপদ ভয়াবহ। মিডিয়া কতটা ভয়ংকর ভূমিকা পালন করতে পারে, গত কয়েক বছরেই আমরা তার উদাহরণ দেখেছি। কীভাবে গণমাধ্যম একটি সমাজকে বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে, সেটাও আমরা প্রত্যক্ষ করেছি,’ বলেন সাইফুল হক। তিনি আরও বলেন, বর্তমানে গণমাধ্যমের বড় একটি অংশ বড় বড় ব্যবসায়ী গোষ্ঠীর মালিকানাধীন। কেন বিশাল ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ক্ষেত্রে মিডিয়ায় বিনিয়োগ করছে, এর পেছনে শুধু বিনিয়োগ সক্ষমতাই নয়, আরও কারণ থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

সাইফুল হক বলেন, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু দেশের জন্য এমন এক সময়ে বড় ক্ষতি, যখন বাংলাদেশ একটি কঠিন গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে যাচ্ছে। ‘এই ক্রান্তিকালে তৌফিকের মতো একজন মানুষের চলে যাওয়া আমাদের জন্য, আমাদের দেশের জন্য বিশাল ক্ষতি,’ বলেন তিনি।

স্মরণসভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তৌফিকের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক ও সংবাদবিষয়ক বিষয়ে মতবিরোধ ও তর্ক হলেও ব্যক্তিগত সম্পর্কের কারণে সংবাদ প্রকাশে তিনি কখনো পক্ষপাত করতেন না। পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি তাঁকে স্পষ্টভাষী ও চিন্তাশীল মানুষ হিসেবে স্মরণ করেন। জনস্বাস্থ্যবিশেষজ্ঞ মুশতাক হোসেন বলেন, মুক্ত সাংবাদিকতার পথে বাধা এলেও তৌফিকের তৈরি করা পথ ও মানদণ্ড ধরে রাখতে হবে।

অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে স্মৃতিচারণা ও সংগীত পরিবেশনের মধ্য দিয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক, রাজনীতিক, শিক্ষাবিদ, শিল্পী, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 




নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২৬ জুন বেইজিংয়ে তারেক রহমান-শি জিনপিং বৈঠক

২৬ জুন বেইজিংয়ে তারেক রহমান-শি জিনপিং বৈঠক