বাংলাদেশের ব্যাংক খাতের কাঠামো শক্তিশালী ও স্থিতিশীল করতে ৪৫০ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন অনুমোদন করেছে বিশ্বব্যাংক। সোমবার (২৩ জুন) ওয়াশিংটনে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক পর্ষদ এ অনুমোদন দেয়।
‘ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট–২’ শীর্ষক এই প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র আমানতকারীদের সুরক্ষা জোরদার, ব্যাংকিং খাতের তদারকি সক্ষমতা বৃদ্ধি এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সংস্কারে সহায়তা করা হবে।
বিশ্বব্যাংকের মতে, এই প্রকল্প বাংলাদেশের ব্যাংক রেজোলিউশন কাঠামো শক্তিশালী করা এবং আর্থিক খাতে আস্থা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি আমানত সুরক্ষা তহবিলের মূলধন বাড়ানো এবং জরুরি তারল্য সহায়তা কাঠামো উন্নয়নেও সহায়তা করবে।
প্রকল্পের আওতায় বাংলাদেশ ব্যাংকের আইসিটি অবকাঠামো আধুনিকায়ন করা হবে, যা সাইবার নিরাপত্তা জোরদার এবং তথ্যভিত্তিক তদারকি ব্যবস্থাকে আরও কার্যকর করবে। এতে ঝুঁকি ব্যবস্থাপনা ও আর্থিক খাতের স্থিতিস্থাপকতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিভাগের বিভাগীয় পরিচালক জঁ পেম বলেন, এই উদ্যোগ ব্যাংক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং ক্ষুদ্র আমানতকারীদের আস্থা পুনরুদ্ধারে সহায়তা করবে, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
কালের দাবি ডেস্ক