সাইবার নিরাপত্তা খাতে উদীয়মান অর্থনীতির চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে রাজধানী ঢাকায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ফিনিক্স সামিট ২০২৬। ‘Closing the Cyber Gap in Emerging Economies’ প্রতিপাদ্যে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনের মূল পর্ব বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) উদ্বোধন করা হয়।
দ্যা টিম ফিনিক্স গ্রুপ (টিটিপিজি) ব্র্যাক ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এ আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সময়ে সাইবার নিরাপত্তা সরকারের অন্যতম অগ্রাধিকারপ্রাপ্ত খাত। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তা অবকাঠামো শক্তিশালী করতে যেসব পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। তিনি প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তুলতে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সামিটে দেশি-বিদেশি প্রযুক্তিবিদ, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, উদ্যোক্তা এবং শিক্ষাবিদরা অংশ নিচ্ছেন। আয়োজকরা জানিয়েছেন, সম্মেলনে সাইবার ঝুঁকি মোকাবিলা, ডিজিটাল নিরাপত্তা, উদীয়মান প্রযুক্তি এবং দক্ষ মানবসম্পদ উন্নয়ন নিয়ে বিভিন্ন সেশন, কর্মশালা ও আলোচনার আয়োজন করা হয়েছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ফিনিক্স সামিট ২০২৬-এর সমাপনী অনুষ্ঠান শুক্রবার বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের। এছাড়া বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ উপস্থিত থাকবেন।
সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং উদীয়মান অর্থনীতিগুলোর মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা জোরদারে ফিনিক্স সামিট ২০২৬ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।
কালের দাবি ডেস্ক