ঢাকা | বঙ্গাব্দ

জীবাশ্ম জ্বালানি নিয়ে ঐকমত্য নেই, চুক্তি ছাড়াই শেষ হতে পারে কপ৩১

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 23, 2026 ইং
জীবাশ্ম জ্বালানি নিয়ে ঐকমত্য নেই, চুক্তি ছাড়াই শেষ হতে পারে কপ৩১ ছবির ক্যাপশন: তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ চুক্তি নিয়ে মতপার্থক্যের মধ্যেও সমঝোতার চেষ্টা চালাচ্ছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। ছবি: রয়টার্স
ad728

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ অতিরিক্ত সময়ের দ্বিতীয় দিনেও বৈশ্বিক জলবায়ু চুক্তি নিয়ে দেশগুলো ঐকমত্যে পৌঁছাতে পারেনি। আলোচনায় তৈরি হওয়া অচলাবস্থা কাটাতে রোববার নতুন একটি খসড়া প্রকাশ করা হলেও তাতে বিরোধের মূল বিষয়গুলো পুরোপুরি সমাধান হয়নি।

শনিবার রাতে প্রকাশিত আগের খসড়ায় জীবাশ্ম জ্বালানির ওপর বৈশ্বিক নির্ভরতা কমানোর বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য ছিল না। এ নিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলো আপত্তি জানায়। কয়েকটি দেশ সম্মেলন থেকে বেরিয়ে যাওয়ারও হুমকি দিয়েছিল।

নতুন খসড়ায়ও জীবাশ্ম জ্বালানি ব্যবহার থেকে সরে আসার বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা রাখা হয়নি। তবে তিন বছর আগে এ বিষয়ে বিভিন্ন দেশের দেওয়া প্রতিশ্রুতির কথা স্বীকার করা হয়েছে। এই পরিবর্তন বিরোধ কমাতে কতটা ভূমিকা রাখবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

নতুন চুক্তির অনুমোদন নিয়ে রোববার দেশগুলোর বৈঠক হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়। সম্মেলনের সভাপতি ও তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম অবশ্য সমঝোতার বিষয়ে আশাবাদী। সম্মেলনস্থলে প্রবেশের সময় বিবিসিকে তিনি বলেন, ‘খুব শিগগিরই আমরা খুশির খবর দিতে পারব।’

তবে ইউরোপীয় ইউনিয়ন তাঁর আশাবাদে পুরোপুরি একমত নয়। বিবিসির তথ্য অনুযায়ী, ইইউ মনে করছে, নতুন খসড়া আগের অবস্থানের তুলনায় আরও পিছিয়ে গেছে।


জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অর্থায়ন নিয়েও সম্মেলনে বড় ধরনের মতপার্থক্য দেখা দিয়েছে। আফ্রিকার দেশগুলো এ খাতে আরও অর্থের প্রতিশ্রুতি চাইলেও ইউরোপীয় ইউনিয়ন এ দাবিতে সমর্থন দিতে আগ্রহী নয়।

জাতিসংঘের জলবায়ু সম্মেলনের নিয়ম অনুযায়ী, চূড়ান্ত কোনো চুক্তিতে পৌঁছাতে সব দেশের ঐকমত্য প্রয়োজন। এই সমঝোতা না হলে আলোচনা স্থগিত হয়ে যেতে পারে।


পানামা, সলোমন দ্বীপপুঞ্জ, আইভরি কোস্ট ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা তেল, গ্যাস ও কয়লার মতো জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার অঙ্গীকার চূড়ান্ত চুক্তিতে অন্তর্ভুক্ত করতে চাইছেন। অন্যদিকে সৌদি আরবের নেতৃত্বে জীবাশ্ম জ্বালানি উৎপাদনকারী দেশগুলো এ ধরনের প্রতিশ্রুতি চুক্তিতে না রাখার পক্ষে অবস্থান নিয়েছে।

পানামার পরিবেশমন্ত্রী হুয়ান কার্লোস নাভারো বলেন, জীবাশ্ম জ্বালানির উল্লেখ ছাড়া কপ সম্মেলনের কোনো চূড়ান্ত ঘোষণা গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘোষণায় তাঁরা কোনোভাবেই সম্মত হবেন না।

ফ্রান্সের মন্ত্রী মনিক বারবুও একই ধরনের আপত্তি জানিয়েছেন। খসড়ায় কার্বন ধরে মাটির নিচে সংরক্ষণের প্রযুক্তির উল্লেখ থাকায় তিনি সমালোচনা করেন।


সমঝোতার চেষ্টা অব্যাহত থাকলেও সম্মেলনে চুক্তি না হওয়ার আশঙ্কা বাড়ছে। আলোচক দলগুলো নিজ নিজ দেশে ফিরে যেতে শুরু করলে চুক্তি অনুমোদনের জন্য প্রয়োজনীয় প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করাও কঠিন হতে পারে।

যুক্তরাজ্যের প্রধান আলোচক ও জ্বালানিবিষয়ক মন্ত্রী মিয়াটা ফানবুলে অবশ্য এখনো আশাবাদী। তিনি বলেন, আলোচনা কঠিন হলেও গঠনমূলকভাবে এগোচ্ছে এবং একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব।

অন্যদিকে, অস্ট্রেলিয়ার জলবায়ু ও জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন মনে করেন, চুক্তিতে জীবাশ্ম জ্বালানি নিয়ে সুনির্দিষ্ট শর্ত রাখার প্রয়োজন নেই। তাঁর মতে, আগের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন এবং পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানোই এবারের সম্মেলনের প্রধান লক্ষ্য হওয়া উচিত।

এদিকে বৈশ্বিক তাপমাত্রা বিপৎসীমা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা নিয়ে বিজ্ঞানীরা সতর্ক করেছেন। এতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, তীব্র তাপপ্রবাহসহ বিভিন্ন জলবায়ু ঝুঁকিতে লাখ লাখ মানুষ পড়তে পারেন।

১৯৯৫ সালে কপ সম্মেলনের যাত্রা শুরুর পর মাত্র একবার কোনো চুক্তি ছাড়াই সম্মেলন শেষ হয়েছিল। এবারও দেশগুলো ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হলে কোনো চূড়ান্ত চুক্তি ছাড়াই সম্মেলন শেষ হতে পারে। সে ক্ষেত্রে জলবায়ু নিয়ে আলোচনা আবার আগামী বছর শুরু হবে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রতিমন্ত্রীর পদ ছাড়ছেন ইশরাক হোসেন, ঘোষণা দুপুরে

প্রতিমন্ত্রীর পদ ছাড়ছেন ইশরাক হোসেন, ঘোষণা দুপুরে