ঢাকা | বঙ্গাব্দ

গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার, বাড়ানো হয়েছে বিজিবি-পুলিশ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 15, 2026 ইং
গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার, বাড়ানো হয়েছে বিজিবি-পুলিশ ছবির ক্যাপশন: লাঠিসোঁটা ও লগি-বইঠা নিয়ে গোপালগঞ্জ শহরে মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। রোববার দুপুরে।
ad728

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মিছিল, মহড়া ও ভাঙচুরের ঘটনায় পরিস্থিতির ওপর নজর রাখছে সরকার। পরিস্থিতি বিবেচনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগের মাত্রা বাড়ানোর বিষয়েও ভাবা হচ্ছে। তবে সরকার এখনই বলপ্রয়োগ করতে চায় না বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আশপাশের জেলা থেকে আনা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। এ ছাড়া আজ রোববার বিকেলে জেলার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে।


কয়েক দিন ধরে গোপালগঞ্জে সড়ক অবরোধ করে মিছিল করছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। আজ রোববার দুপুরে তাঁদের লগি-বইঠা, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে মিছিল ও সমাবেশ করতে দেখা যায়।

মিছিল থেকে পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। এ ছাড়া জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেন দলটির নেতা-কর্মীরা।

বিজিবি জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে আজ আরও তিন প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। এর আগে ১০ নভেম্বর তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল। সব মিলিয়ে জেলায় এখন ছয় প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।

বিজিবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীটি দায়িত্ব পালন করছে। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জে ছয় প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সরকার গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আপাতত বলপ্রয়োগ করে জানমালের ক্ষতি করতে চায় না সরকার। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, আরও কিছু সময় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা ও সহিংসতা বাড়ানোর চেষ্টা করলে সরকারও আইন অনুযায়ী বলপ্রয়োগ করবে।

মন্ত্রণালয় সূত্রের দাবি, দেশের বাইরে থেকে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের উসকানি দেওয়া হচ্ছে। গোয়েন্দা তথ্যের বরাতে সূত্রটি আরও বলেছে, গত কয়েক দিনে দেশের বিভিন্ন জেলা থেকে দলটির নেতা-কর্মীরা গোপালগঞ্জে গেছেন। সরকারি স্থাপনায় হামলার আশঙ্কার কথাও জানিয়েছে সূত্রটি।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, আজ সকালে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তবে সেখানে কী আলোচনা বা সিদ্ধান্ত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে দুপুরের পর কথা বলার সময় তাঁরা জানিয়েছিলেন, গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে সরিয়ে দেওয়া হবে। বিকেল সোয়া পাঁচটার দিকে তাঁদের বদলির পরিপত্র জারি করা হয়।

পরিপত্র অনুযায়ী, গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে হবিগঞ্জের জেলা প্রশাসক জি এম সরফরাজকে। গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে বদলি করে তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে।


জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি গোপালগঞ্জে। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন সময়ে সেখানে দলটির নেতা-কর্মী ও সমর্থকেরা বিক্ষোভ করেছেন।

এর আগে ২০২৫ সালের ১৭ জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলা করেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ওই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও গুলিতে চারজনের মৃত্যু হয়।

ওই বছরের ২০ জুলাই গুলি ছোড়ার বিষয়ে প্রশ্ন করা হলে তৎকালীন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, ‘যে সময় যে পরিস্থিতি, সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হয়।’



নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও