ঢাকা | বঙ্গাব্দ

কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে সরকার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 6, 2026 ইং
কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে সরকার ছবির ক্যাপশন: নুরুল হক
ad728

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক বলেছেন, দেশের দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকার কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে বিদেশগামী কর্মীদের অভিবাসন ব্যয় কমিয়ে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারণে কাজ করছে সরকার।

রোববার (৫ জুলাই) সন্ধ্যায় বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, দেশের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ সম্পন্ন করা ব্যক্তিদের তথ্য নিয়ে একটি কেন্দ্রীয় ডাটাবেজ তৈরি করা হবে। বৈদেশিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী এই ডাটাবেজ থেকে দক্ষ কর্মী নির্বাচন করে বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।

তিনি বলেন, বর্তমানে আন্তর্জাতিক শ্রমবাজারে কেয়ারগিভার পেশার চাহিদা দ্রুত বাড়ছে। এ কারণে কেয়ারগিভার প্রশিক্ষণ কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং খুব শিগগিরই এ বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে।

নুরুল হক আরও বলেন, সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী এক কোটি মানুষের বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সক্ষমতা, অবকাঠামো ও প্রশিক্ষণ ব্যবস্থার উন্নয়নের বিষয়গুলো মূল্যায়ন করা হচ্ছে।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বরিশাল টিটিসির বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
ফ্রান্সে মৃত্যুর সংখ্যা বেড়ে ১২০০ ছাড়িয়েছে

ফ্রান্সে মৃত্যুর সংখ্যা বেড়ে ১২০০ ছাড়িয়েছে