রাজধানীর জাপান গার্ডেন সিটিতে নিজস্ব উপকেন্দ্রের কারিগরি ত্রুটির কারণে সৃষ্ট বিদ্যুৎ বিভ্রাটের অবসান হয়েছে। প্রয়োজনীয় মেরামত ও কারিগরি সহায়তার মাধ্যমে ডিপিডিসি পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় স্বাভাবিক করেছে।
শনিবার (১১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিপিডিসি জানায়, গত ৭ জুলাই রাত ৩টা ৩১ মিনিটে জাপান গার্ডেন সিটির নিজস্ব ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ট্রান্সফরমার এবং ১১ কেভি বাসবারে ত্রুটি দেখা দেয়। এ কারণে আবাসিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের নির্দেশনায় দ্রুত কারিগরি ব্যবস্থা গ্রহণ করা হয়। ডিপিডিসির প্রকৌশলীরা উপকেন্দ্রের মেরামত কার্যক্রমে সহায়তা দিয়ে ৯ জুলাই রাত ১১টায় ট্রান্সফরমার পুনরায় চালু করেন।
এরপর গ্রাহকের নিজস্ব ফিডারে থাকা ত্রুটিও সমাধান করা হলে শুক্রবার (১০ জুলাই) রাত ৮টা ২ মিনিটে জাপান গার্ডেন সিটিতে সম্পূর্ণভাবে বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপন করা সম্ভব হয়।
ডিপিডিসি জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের সমস্যা এড়াতে জাপান গার্ডেন সিটির নিজস্ব উপকেন্দ্র ও সংশ্লিষ্ট বৈদ্যুতিক যন্ত্রপাতির নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন।
এদিকে বিদ্যুৎ বিভ্রাটের সময় ধৈর্য ও সহযোগিতা প্রদর্শনের জন্য জাপান গার্ডেন সিটির বাসিন্দাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে ডিপিডিসি।

কালের দাবি ডেস্ক