ঢাকা | বঙ্গাব্দ

৫২ বলে ডাবল সেঞ্চুরি, বৈভাব সুরিয়াভানশির ব্যাটে রেকর্ডের ঝড়

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 25, 2026 ইং
৫২ বলে ডাবল সেঞ্চুরি, বৈভাব সুরিয়াভানশির ব্যাটে রেকর্ডের ঝড় ছবির ক্যাপশন: সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৫২ বলে ডাবল সেঞ্চুরি ও ২৮ ছক্কা হাঁকিয়ে পাঁচটি বিশ্বরেকর্ড গড়েছেন ভারতের ১৫ বছর বয়সী ক্রিকেটার বৈভাব সুরিয়াভানশি।
ad728

মাত্র ১৫ বছর বয়সেই ক্রিকেটে একের পর এক বিশ্বরেকর্ড গড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ভারতের তরুণ ক্রিকেটার বৈভাব সুরিয়াভানশি। এশিয়া কাপ রাইজিং স্টার্সে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বিধ্বংসী ব্যাটিংয়ে ৫২ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি। তার ইনিংসে ছিল ২৮টি ছক্কা ও ৭টি চার।

রেকর্ড গড়া এই ইনিংসে লিস্ট ‘এ’ ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরি, দ্রুততম ১৫০ ও ডাবল সেঞ্চুরি এবং এক ইনিংসে সর্বাধিক ছক্কার রেকর্ডসহ পাঁচটি বিশ্বরেকর্ড নিজের করে নেন বৈভাব।


মঙ্গলবার এশিয়া কাপ রাইজিং স্টার্সের ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে প্রথম দুই বলে রান পাননি বৈভাব। এরপরই শুরু হয় তার বিধ্বংসী ব্যাটিং।

জাহিদ আলির ওভারের শেষ তিন বলে টানা ছক্কা হাঁকানোর পর পরবর্তী ওভারগুলোতেও বোলারদের ওপর চড়াও হন তিনি। তৃতীয় ওভারের শেষ বলে ছক্কা মেরে মাত্র ১৬ বলে ফিফটি পূর্ণ করেন। ইনিংসের প্রথম সাত ওভারের প্রতিটিতেই অন্তত একটি ছক্কা মারেন এই তরুণ ব্যাটার।

মাত্র ২৮ বলে সেঞ্চুরি পূর্ণ করে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম শতকের বিশ্বরেকর্ড গড়েন বৈভাব। এর আগে ২০২৩ সালের অক্টোবরে অস্ট্রেলিয়ার মার্শ ওয়ানডে কাপে ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন জেইক-ফ্রেজার ম্যাকগার্ক।

সেঞ্চুরির পরও থামেননি তিনি। ওভারের শেষ তিন বলে দুটি ছক্কা ও একটি চার মেরে এক ওভারেই ৩০ রান আদায় করেন।


বৈভাবের ব্যাটিং ঝড়ের গতি আরও বাড়ে পরবর্তী সময়ে। দশম ওভারের শেষ চার বল খেলার সুযোগ পেয়ে একটি চার ও দুটি ছক্কা মারেন তিনি। শেষ ছক্কায় মাত্র ৪০ বলে ১৫০ রান পূর্ণ করেন, যা লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম দেড়শ রানের বিশ্বরেকর্ড।

এই রেকর্ড গড়ার পথে নিজের আগের কীর্তিকেও ছাড়িয়ে যান বৈভাব। গত বছর বিজয় হাজারে ট্রফিতে ৫৯ বলে ১৫০ রান পূর্ণ করেছিলেন তিনি। ওই ম্যাচে তার সংগ্রহ ছিল ১৯০ রান, যা এতদিন লিস্ট ‘এ’ ক্রিকেটে তার সর্বোচ্চ ইনিংস ছিল।


দ্বাদশ ওভারে চার বলের মধ্যে তিনটি ছক্কা ও একটি চার হাঁকিয়ে নিজের আগের সর্বোচ্চ রান ছাড়িয়ে যান বৈভাব। ওই ওভারেই ২৪তম ছক্কা মেরে লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে সর্বাধিক ছক্কার রেকর্ড গড়েন তিনি।

এর আগে ২৩ ছক্কার রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার ডি'আরসি শর্টের। ২০১৮-১৯ মৌসুমে ওয়ানডে কাপে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে কুইন্সল্যান্ডের বিপক্ষে এই রেকর্ড গড়েছিলেন শর্ট।

রেকর্ড ভাঙার পরও বৈভাবের ব্যাট থামেনি। ১৯২ রান নিয়ে ত্রয়োদশ ওভার শুরু করে তৃতীয় বলে পরপর দুটি ছক্কা হাঁকিয়ে ২০০ রান পূর্ণ করেন তিনি। মাত্র ৫২ বলে ডাবল সেঞ্চুরি করে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম দ্বিশতকের বিশ্বরেকর্ড গড়েন বৈভাব।

আগের রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের চ্যাড বোয়েসের। ২০২৪-২৫ মৌসুমে ফোর্ড ট্রফিতে ক্যান্টারবুরির হয়ে ওটাগোর বিপক্ষে ১০৩ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি।


ডাবল সেঞ্চুরির পাশাপাশি স্বীকৃত ক্রিকেটে এক ইনিংসে সর্বাধিক ছক্কার রেকর্ডও নিজের করে নেন বৈভাব। এদিন মোট ২৮টি ছক্কা মারেন তিনি।

এর আগে এই রেকর্ড ছিল ভারতের তান্ময় আগারওয়ালের। রঞ্জি ট্রফিতে হায়দরাবাদের হয়ে ৩৬৬ রানের ইনিংস খেলার পথে ২৬টি ছক্কা মেরেছিলেন তিনি।

২৮তম ছক্কার পর লং অফে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন বৈভাব। তার রেকর্ড গড়া ইনিংস শেষ হয় ২০০ রানে।


বৈভাব যখন আউট হন, তখন জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল মাত্র পাঁচ রান। পঞ্চদশ ওভারের দ্বিতীয় বলে ছক্কা মেরে রিঙ্কু সিং দলের জয় নিশ্চিত করেন।

২৫০ রানের লক্ষ্য মাত্র ১৪.২ ওভারে পূর্ণ করে ভারত গড়ে নতুন রেকর্ড। ২০০ বা তার বেশি রানের লক্ষ্য এত দ্রুত তাড়া করে জয়ের নজির আগে ছিল ২০ ওভার। ২০০৩ সালের পাকিস্তান প্যাট্রনস কাপে সার্ভিস ইন্ডাস্ট্রিসের বিপক্ষে অ্যালাইড ব্যাংক এই রেকর্ড গড়েছিল।

বৈভাবের অবিশ্বাস্য ইনিংস শুধু ম্যাচ জেতায়নি, বরং এক দিনে পাঁচটি বিশ্বরেকর্ড গড়ে তাকে ক্রিকেটের নতুন বিস্ময় হিসেবে প্রতিষ্ঠিত করেছে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়ার সবচেয়ে বড় পেট্রোরসায়ন কারখানায় ভয়াবহ ড্রোন হাম

রাশিয়ার সবচেয়ে বড় পেট্রোরসায়ন কারখানায় ভয়াবহ ড্রোন হাম