নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে ‘ফ্যাসিবাদের’ পুনরুত্থানের সুযোগ নেই। জনগণ ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধভাবে যে কোনো অপতৎপরতা প্রতিহত করবে।
সংক্ষিপ্ত সমাবেশে রিজভী বলেন, ফ্যাসিবাদের উঁকি দেওয়ার যে কোনো চেষ্টা প্রতিহত করতেই বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো যৌথভাবে এ কর্মসূচি পালন করেছে। যারা জনগণের জীবন থেকে সুন্দর ভোর, সূর্যের আলো, স্বাভাবিক ও সুস্থ জীবনযাপন এবং মানুষের বাঁচার অধিকার কেড়ে নিয়েছিল, তারা এখন নানা কায়দায় চুরি ও পাচার করা টাকা ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টির চেষ্টা করছে। দীর্ঘদিন পর জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা যে নির্বাচন কেড়ে নিয়ে দুঃশাসন ও রক্তপিপাসু সরকার গঠন করেছিলেন, সেই পরিস্থিতির বিরুদ্ধে জনগণের স্বতঃস্ফূর্ত ম্যান্ডেটের মধ্য দিয়ে গঠিত তারেক রহমানের নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও চক্রান্তের বেড়াজাল তৈরির চেষ্টা চলছে। মহান মুক্তিযুদ্ধে বিপুল আত্মত্যাগের মাধ্যমে অর্জিত স্বাধীন দেশের মানুষকে কেউ গোলাম বা কৃতদাসে পরিণত করতে পারবে না, দেশের জনগণ তা হতে দেবে না।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় মঙ্গলবার (২৩ জুন) রাজধানীসহ সারা দেশে সতর্ক অবস্থানে ছিল বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিভিন্ন এলাকায় তারা অবস্থান কর্মসূচি, প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন।
এদিকে, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরাও রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক কর্মসূচি পালন করেন। একই দিনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর বিভিন্ন জোন ও থানার উদ্যোগে ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। দলটির নেতারা আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলে জনসচেতনতা ও ঐক্যের আহ্বান জানান।
কালের দাবি ডেস্ক