ঢাকা | বঙ্গাব্দ

জর্দানের মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 10, 2026 ইং
জর্দানের মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান ছবির ক্যাপশন: জর্দানের সালতি বিমানঘাঁটি। সংগৃহীত ছবি
ad728


জর্দানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে রাতভর ইরানি হামলায় একাধিক মার্কিন সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ। স্থানীয়ভাবে ঘাঁটিটি আল-আজরাক নামেও পরিচিত।

প্রতিবেদন অনুযায়ী, হামলায় যুক্তরাষ্ট্রের প্রায় আটটি এফ-১৫ যুদ্ধবিমান সামান্য ক্ষতিগ্রস্ত হয়। তবে দ্রুত মেরামতের পর বিমানগুলোকে আবার ব্যবহারের উপযোগী করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাতে জানানো হয়েছে।

হামলায় এ-১০ থান্ডারবোল্ট, যা ‘ওয়ারথগ’ নামে পরিচিত, সেটিও আঘাতপ্রাপ্ত হয়েছে। বিমানটির একটি ডানা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


হামলা প্রতিহত করতে জর্দানে অবস্থানরত মার্কিন বাহিনী ৩০টিরও বেশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। কয়েক দিন আগে একটি মার্কিন যুদ্ধজাহাজে হামলার পর যুক্তরাষ্ট্র ইরানের পাঁচটি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে হামলা চালায় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এর জবাবেই জর্দানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।


ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটির দাবি, জর্দানের মার্কিন বিমানঘাঁটির পাশাপাশি আটটি তেলবাহী ট্যাংকার ও দুটি যুদ্ধজাহাজও হামলার লক্ষ্য ছিল।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে আইআরজিসি এটিকে একটি ‘শাস্তিমূলক অভিযান’ হিসেবে উল্লেখ করেছে। তাদের দাবি, জর্দানের আল-আজরাক ঘাঁটিতে ভারী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

এ ছাড়া হরমুজ প্রণালীতেও সামরিক তৎপরতা জোরদার করার দাবি করেছে ইরান। দেশটির পক্ষ থেকে ১২টির বেশি জাহাজে হামলা চালানোর কথাও বলা হয়েছে।


তবে হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির যে চিত্র সামনে এসেছে, তা পুরোপুরি সমর্থন করেনি জর্দানের সামরিক বাহিনী।

জর্দান সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের বিমান প্রতিরক্ষাব্যবস্থা ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সংকেত শনাক্ত করে। এর মধ্যে ১৮টি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে।

বাকি দুটি ক্ষেপণাস্ত্র জনবসতিহীন এলাকায় গিয়ে পড়েছে বলে জানিয়েছে জর্দান। দেশটির দাবি, এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

তবে মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়ে প্রকাশিত প্রতিবেদন এবং ইরানের হামলার মাত্রা নিয়ে এখনো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য সামনে আসেনি।

জর্দানে অবস্থিত মুওয়াফফাক সালতি ঘাঁটি মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোর একটি। ফলে সেখানে হামলা ও মার্কিন যুদ্ধবিমানের ক্ষয়ক্ষতির খবর নতুন করে আঞ্চলিক উত্তেজনা বাড়াতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চীনে প্রধানমন্ত্রীকে ঘিরে বিশেষ আয়োজন

চীনে প্রধানমন্ত্রীকে ঘিরে বিশেষ আয়োজন