চীনের দালিয়ান থেকে বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানী বেইজিংয়ের চাউমিং রেলওয়ে স্টেশনে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়।
বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হাই-স্পিড ট্রেন বেইজিংয়ের চাউমিং রেলওয়ে স্টেশনে পৌঁছায়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। স্টেশনে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। পরে লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর বিশেষ মোটর শোভাযাত্রার মাধ্যমে প্রধানমন্ত্রীকে চীনের রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াওইউতাই গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়। সফরকালে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী এবং সফরসঙ্গীরা সেখানে অবস্থান করবেন।
এর আগে স্থানীয় সময় দুপুর ১টা ৫৮ মিনিটে দালিয়ান উত্তর রেলওয়ে স্টেশন থেকে হাই-স্পিড বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি।
বেইজিংয়ে যাওয়ার আগে সকালে দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘সামার দাভোস’ সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বিভিন্ন আন্তর্জাতিক নেতা ও নীতিনির্ধারকদের সঙ্গে মতবিনিময় করেন।
উল্লেখ্য, মালয়েশিয়ায় দুই দিনের সফর শেষে গত সোমবার চীনের দালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী। সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর মালয়েশিয়া ও চীন সফরই তাঁর প্রথম সরকারি বিদেশ সফর।
কালের দাবি ডেস্ক