ঢাকা | বঙ্গাব্দ

সংকট উত্তরণে মানুষ সরকারকে সময় দেবে,তবে অনির্দিষ্ট কালের জন্য নয়: রংপুরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মীসভায় সাইফুল হক।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 10, 2026 ইং
সংকট উত্তরণে মানুষ সরকারকে সময় দেবে,তবে অনির্দিষ্ট কালের জন্য নয়: রংপুরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মীসভায় সাইফুল হক। ছবির ক্যাপশন: রংপুরে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা কর্মী সম্মেলনে বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক সাইফুল হক।
ad728
ভোটাররা নিজেদের পছন্দের যেকোনো দল বা প্রতীকে ভোট দিতে পারেন, তবে নির্বাচিত সরকারকে দলীয় সরকার হিসেবে নয়, দেশের ২০ কোটি মানুষের সরকার হিসেবে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

তিনি বলেন, ভোট অন্য জায়গায় দিলেও উন্নয়নের ক্ষেত্রে কোনো অঞ্চলকে বঞ্চিত করা যাবে না। দীর্ঘদিন ধরে অবহেলিত উত্তরাঞ্চলকে শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলতে কৃষি, শিল্প ও ব্যবসা-বাণিজ্যের সমন্বিত উন্নয়ন পরিকল্পনা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

রংপুরে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা কর্মী সম্মেলনে বক্তব্যকালে সাইফুল হক এসব কথা বলেন। সাইফুল হক বলেন, “মানুষ যে কোনো দলকে ভোট দিতে পারে, তার পছন্দের মার্কায় ভোট দিতে পারে। কিন্তু যখন কোনো দল সরকার গঠন করে, এটা কোনো দলীয় সরকার নয়। বিএনপি বিপুল ভোটে ক্ষমতায় এসেছে সত্য, কিন্তু এটা ২০ কোটি মানুষের সরকার।”

উত্তরাঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরে তিনি বলেন, পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা ও বগুড়াসহ বিস্তৃত এই অঞ্চলের লাখ লাখ মানুষ মানবেতর জীবনযাপন করছেন। অথচ এখানে উল্লেখযোগ্য শিল্প-কলকারখানা গড়ে ওঠেনি। তিনি বলেন, “আমি দেখতে চাইব, এই সরকার উত্তরাঞ্চলকে অন্যান্য অঞ্চলের মতো একটি শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেবে। যাতে কৃষি উন্নয়ন, শিল্প উন্নয়ন এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটে।”

তিস্তা নিয়ে কার্যকর উদ্যোগের আহ্বান

তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা নিয়েও সরকারের দ্রুত কার্যকর উদ্যোগ প্রত্যাশা করেন সাইফুল হক। তিনি বলেন, তিস্তা নিয়ে পরিকল্পনার কথা বলা হলেও ভারতের সঙ্গে এখনো কার্যকর আলোচনা শুরু করা যায়নি। তিনি বলেন, “ভারত আমাদের বৈরী প্রতিবেশী নয়। কিন্তু প্রতিবেশী বদলানোর সুযোগ আমাদের নেই, ভারতেরও নেই। তাই প্রতিবেশী হিসেবে আমাদের একসঙ্গে বসবাস করতে হবে।”

ভারতের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে তিনি আরও বলেন, বাংলাদেশ ভারতকে বন্ধুত্বের মর্যাদা দিলেও সীমান্ত হত্যা, পানি প্রত্যাহারসহ বিভিন্ন বিষয়ে সেই বন্ধুত্বের প্রতিফলন এখনো দেখা যায়নি।ফেলানী হত্যাকাণ্ডের বিচার না হওয়ার প্রসঙ্গ তুলে ধরে সাইফুল হক বলেন, সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। একই সঙ্গে শুষ্ক মৌসুমে তিস্তার পানি প্রত্যাহার এবং বর্ষায় অতিরিক্ত পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত করার অভিযোগেরও সমাধান করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে নতুন বাস্তবতা বিবেচনায় নিতে হবে। তার ভাষায়, “২৪শে আগস্টের পরে এটা একটা নতুন দেশ। আগের মতো কোনো অনুগত পুতুল সরকার বা ট্রেনিং ইনস্টিটিউট দরকার নেই।”

বিএনপিকে বাস্তব কাজ দেখানোর আহ্বান

বিএনপি সরকারের প্রতি প্রত্যাশা ব্যক্ত করে সাইফুল হক বলেন, জনগণের নির্বাচিত দল হিসেবে বিএনপিকে শুধু কথায় নয়, কার্যকর পদক্ষেপের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। তিনি বলেন, বিএনপি ও তারেক রহমানের সামনে ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ এসেছে। একটি প্রগতিশীল, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, দেশপ্রেমিক ও বহুদলীয় রাষ্ট্র ও সমাজ গঠনে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব তাদের সামনে এসেছে।

“বিএনপি যদি এই কাজে সফল হয়, মানুষ নিশ্চয়ই আপনাদের সাধুবাদ জানাবে। ইতিহাসে আপনারা একটা ছাপ রাখতে পারবেন,” বলেন তিনি। তবে সরকারের সময়ক্ষেপণের বিষয়ে সতর্ক করে সাইফুল হক বলেন, ছয়-সাত মাস পার হয়ে গেছে। এখন মানুষ হাতে-কলমে কাজ দেখতে চায়। কোনো অজুহাত দিয়ে মানুষকে আর বেশি দিন ভুলিয়ে রাখা সম্ভব নয়।

তিনি বলেন, “মানুষ এখন অজুহাত শুনতে চাইবে না, মানুষ এখন বাস্তব কাজ দেখতে চাইবে।” সরকারের প্রতি মানুষের এখনো ধৈর্য রয়েছে উল্লেখ করে সাইফুল হক বলেন, মানুষ বিএনপিকে সময় দিচ্ছে। তবে অনির্দিষ্টকাল ধরে মানুষ এভাবে ধৈর্য ধরে থাকবে এমনটা ধরে নেওয়ার সুযোগ নেই।

তিনি আশা প্রকাশ করেন, বিএনপি সরকার দ্রুত দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নিয়ে জনগণের আস্থা অর্জন করবে।

নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবশেষে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করলো ভারত

অবশেষে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করলো ভারত