তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে বিশেষ খোলাবাজারে পণ্য বিক্রয় (ওএমএস) কর্মসূচি চালু করেছে সরকার। শুক্রবার (১৩ নভেম্বর) থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে একজন পোশাকশ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।
সরকারের এ উদ্যোগের লক্ষ্য নিম্ন আয়ের পোশাকশ্রমিকদের সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পাওয়ার সুযোগ তৈরি করা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের নির্বাচনী অঙ্গীকারের ধারাবাহিকতায় খাদ্যনিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে কর্মসূচিটি নেওয়া হয়েছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ঢাকা মহানগরী, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ৬৬টি ট্রাকে চাল বিক্রি করা হচ্ছে। প্রতিটি ট্রাকে পাঁচ মেট্রিক টন করে প্রতি শুক্রবার মোট ৩৩০ মেট্রিক টন চাল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এলাকাভিত্তিক বরাদ্দ অনুযায়ী, ঢাকা মহানগরীতে ছয়টি ট্রাকে ৩০ মেট্রিক টন, সাভার শিল্পাঞ্চলে আটটি ট্রাকে ৪০ মেট্রিক টন এবং ধামরাইয়ে দুটি ট্রাকে ১০ মেট্রিক টন চাল বিক্রি হবে।
এ ছাড়া গাজীপুরে ৩০টি ট্রাকে ১৫০ মেট্রিক টন, নারায়ণগঞ্জে ১০টি ট্রাকে ৫০ মেট্রিক টন এবং চট্টগ্রামে ১০টি ট্রাকে ৫০ মেট্রিক টন চাল বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে।
প্রতি শুক্রবার দুই দফায় চাল বিক্রি করা হবে। প্রথম দফায় সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় দফায় দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাল পাওয়া যাবে। তবে দ্বিতীয় দফার বিক্রি মজুত থাকা সাপেক্ষে পরিচালিত হবে।
চাল কিনতে শ্রমিকদের নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখাতে হবে। পাশাপাশি কারখানার মাস্টার রোলে স্বাক্ষর করে চাল সংগ্রহ করতে হবে। প্রকৃত পোশাকশ্রমিকদের কাছে এ সুবিধা পৌঁছে দিতে পরিচয় যাচাইয়ের এ ব্যবস্থা রাখা হয়েছে।
খাদ্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় পরিচালিত এ কর্মসূচির স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক মনিটরিং টিম গঠন করা হয়েছে। প্রতিটি ট্রাকের জন্য একজন করে তদারকি কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।
প্রথম দিন নির্ধারিত বিক্রয়কেন্দ্রগুলোতে শ্রমিকদের উপস্থিতি দেখা গেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, বিশেষ এ কর্মসূচি পোশাকশ্রমিকদের খাদ্য ব্যয় কমানোর পাশাপাশি তাঁদের খাদ্যনিরাপত্তা নিশ্চিতে সহায়তা করবে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কর্মসূচিটি চালু থাকবে।

কালের দাবি ডেস্ক