কমরেড স্বদেশ ভট্টাচার্যঃ যে উত্তরাধিকার রেখে গেলেন
---সাইফুল হক
রুশ বিপ্লবের পর বিপ্লবের নেতা ভ্লাদিমির ইলিচ লেনিনকে একবার এক সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন, রাশিয়ায় আপনাদের চেয়ে আরও অনেক বড় বড় পার্টি ছিল, তারা বিপ্লব করতে পারেনি; বলশেভিক পার্টির মতো তুলনামূলকভাবে একটি ছোট পার্টি নিয়ে কীভাবে আপনারা এই অসাধ্য সাধন করলেন?
লেনিন তার রাজনৈতিক বক্তব্যের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করেছিলেন যে, বলশেভিক পার্টিতে এমন গুচ্ছ গুচ্ছ সদস্য ছিলেন, যারা হাততালি বা প্রশংসার অপেক্ষা না করে শ্রমিক, সৈনিকসহ জনগণের মধ্যে বছরের পর বছর পড়ে থেকেছেন এবং তাদের বিপ্লবী সংগ্রামের লক্ষ্যে সচেতন ও সংগঠিত করেছেন।
প্রয়াত কমরেড স্বদেশ ভট্টাচার্য ছিলেন এই ধরনেরই একজন সংগঠক ও নেতা। পাদপ্রদীপের কিছুটা দূরে থেকে তিনি জীবনের দীর্ঘ সময় বিপ্লবী শ্রেণিকে সচেতন ও সংগঠিত করতে নিজেকে উজাড় করে দিয়েছেন।
গত ৩০ অক্টোবর গভীর রাতে ঘুমোতে যাওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম খবরটি দেখলাম যে কমরেড স্বদেশ ভট্টাচার্য আর নেই। প্রথমে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। পরক্ষণেই মনে হলো, কদিন আগে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) লিবারেশনের সাধারণ সম্পাদক কমরেড দীপঙ্কর ভট্টাচার্য আমাকে জানিয়েছিলেন, স্বদেশদা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। পাটনায় অনুষ্ঠিত পার্টির পলিটব্যুরোর সভা চলাকালে পার্টির সর্বভারতীয় নেতৃবৃন্দ স্বদেশদাকে শেষবারের মতো দেখে এসেছেন। এ কারণে আমাদেরও এক ধরনের মানসিক প্রস্তুতি ছিল। পরদিন সকালে পার্টির প্রবীণ নেতা ও পলিটব্যুরোর সদস্য কমরেড কার্তিক পালের কাছ থেকে তার মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানতে পারি।
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) লিবারেশনের পলিটব্যুরোর সদস্য, প্রবীণ বিপ্লবী নেতা কমরেড স্বদেশ ভট্টাচার্যের মৃত্যুতে আমাদের পার্টি -বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ৩০ অক্টোবরই আমরা গভীর শোক প্রকাশ করেছি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোকবিবৃতিও বাংলাদেশের কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে।
তার মৃত্যুতে ভারতের বিপ্লবী বামপন্থী আন্দোলনে এক বড় শূন্যতা তৈরি হলো। বাস্তবে ভারতের কমিউনিস্ট আন্দোলন মেহনতি মানুষের পক্ষের একজন বড় বিপ্লবী যোদ্ধাকে হারিয়েছে। বিশেষ করে বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের কৃষক, খেতমজুর, ভূমিহীন, আদিবাসীসহ নিপীড়িত, নির্যাতিত ও মুক্তিকামী মানুষের তিনি ছিলেন অতি আপনজন।
কমরেড চারু মজুমদারের মৃত্যুর পর এক বিরাট রাজনৈতিক বিপর্যয় থেকে পার্টিকে তুলে আনতে এবং ১৯৭৪ সালে পার্টিকে শ্রেণি ও গণসংগ্রামের নতুন ধারায় পুনর্গঠনের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
লিবারেশন পার্টির পুনর্গঠন কমিটির প্রথম সম্পাদক কমরেড জহর ও কমরেড বিনোদ মিশ্রের সঙ্গে মিলে একটি ঐতিহাসিক কালপর্বে কমরেড স্বদেশ ভট্টাচার্যের আপসহীন ও নিরলস ভূমিকা আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। ১৯৭৪-এর পরবর্তী সময়ে পার্টিকে অনেক জটিল পরিস্থিতি ও কঠিন সময় পার করতে হয়েছে, সন্দেহ নেই। এই প্রতিকূল সময়েও বিপ্লবী সাহস, দৃঢ়তা ও কৌশলের সঙ্গে তিনি এবং তার কমরেডরা পার্টি ও তার সংগ্রাম এগিয়ে নিয়ে গেছেন।
বিগত সময়ের পার্টির রাজনৈতিক লাইনের পর্যালোচনা করে তারা পার্টির নতুন রাজনৈতিক গতিপথ ও কর্মসূচি নির্ধারণ করেছেন। বিপ্লবী আদর্শে অবিচল থেকে কর্মকৌশলে পার্টি যে দূরদৃষ্টি ও বিচক্ষণতার পরিচয় দিয়েছে, সেখানেও কমরেড স্বদেশ ভট্টাচার্যের বিশেষ ভূমিকা রয়েছে।
ভারতের শ্রমিক, কৃষক, খেতমজুর, আদিবাসীসহ নির্যাতিত-নিপীড়িত মানুষের অধিকার ও মুক্তির সংগ্রামে একজন অঙ্গীকারবদ্ধ বিপ্লবী হিসেবে সারা জীবন তিনি যে দায়িত্ব পালন করেছেন, তার প্রতি রয়েছে আমাদের পরম শ্রদ্ধা। তিনি প্রমাণ করেছেন, ভারতবর্ষের আপামর মানুষের অধিকার ও মুক্তি ছাড়া তাঁর নিজের আলাদা কোনো স্বার্থ নেই। নিজের জন্য আলাদা করে কোনো ঘর করার কিংবা নিজের মতো করে সংসার করার চেষ্টা তিনি করেননি। পার্টি ও পার্টি জীবনই ছিল তাঁর সবকিছু। আসলে পার্টি আর স্বদেশ ভট্টাচার্য ছিলেন একই সত্তা। কালজয়ী এরকম একজন বিপ্লবীর চলে যাওয়ার ঘটনা মেনে নেওয়া কঠিন।
কমরেড স্বদেশ ভট্টাচার্য আজ আমাদের মাঝে নেই, সত্য; কিন্তু রেখে গেছেন বিপ্লবী মতাদর্শ, বিপ্লবী রাজনীতি, বিপ্লবী জীবন, বিপ্লবী মানসিকতা এবং শ্রেণি ও গণসংগ্রামের এক অসাধারণ উত্তরাধিকার। বিপ্লবী সংগ্রামের ধারাবাহিকতায় এই পার্টিই এক হার না-মানা লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে গত পাঁচ দশকে ভারতে বিপ্লবী ধারার পুরোধা সংগঠনে পরিণত হয়েছে।
স্বল্পভাষী, ব্যতিক্রমধর্মী মানবিক গুণাবলির অধিকারী এই মহান বিপ্লবীর প্রয়াণে লিবারেশন পার্টিসহ ভারতের বিপ্লবী বামপন্থী আন্দোলন তাদের একজন প্রিয় নেতাকে হারিয়েছে। শারীরিক গঠনে তিনি ছোটখাটো মানুষ হলেও তার মনের ঔদার্য ছিল বিরাট। মানুষের জন্য ছিল এক দরদী মন। লিবারেশন পার্টির কয়েক প্রজন্মের কমরেড তাঁর বিপ্লবী সাহচর্য ও ভালোবাসার ছায়াতলেই বেড়ে উঠেছেন।
আমাদের বিশ্বাস, কমরেড স্বদেশ ভট্টাচার্যের বিপ্লবী জীবন প্রজন্ম থেকে প্রজন্মের বিপ্লবী রাজনৈতিক কর্মীদের অনুপ্রেরণা জোগাবে। তার জীবন ও কর্ম ভবিষ্যতের জন্য অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সপ্তম ও দশম কংগ্রেসে আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে স্বদেশদা অংশগ্রহণ করেছিলেন। সিপিআই (এমএল) লিবারেশনের প্রতিনিধি দলের নেতা হিসেবে তিনি অল্পদিনের মধ্যেই আমাদের পার্টির নেতা-কর্মীদের অতি আপনজন হয়ে উঠেছিলেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য নারীনেত্রী বহ্নিশিখা জামালীকে তিনি বোন সম্বোধন করতেন। আমাদের পরিবারেরও তিনি ছিলেন একেবারে কাছের একজন।
অসুস্থ অবস্থায় তার সঙ্গে আমার দু-তিনবার কথা হয়েছিল। রাজনীতির কথার মাঝেও তিনি অদিতির বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা এবং শিখার শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজ নিতেন।
প্রথমবার তারা যখন ঢাকায় এলেন, আমাদের কন্যা অদিতি তাদের কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়, কবি নজরুলের কবর, শাহবাগে জাতীয় জাদুঘর ও রমনা পার্ক ঘুরিয়ে দেখিয়েছিল। দাদা নাকি খুবই উচ্ছ্বসিত ও আবেগাকুল ছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল তাঁর আগ্রহের একটি বিশেষ জায়গা। বাংলাদেশ ও তার জনগণের জন্য কমরেড স্বদেশ ভট্টাচার্যের ছিল গভীর মমতা ও ভালোবাসা।
ভারতে সিপিআই (এমএল) লিবারেশনের কংগ্রেসে আমরা যতবারই গেছি, ততবারই তাকে আমাদের নিয়ে বিশেষভাবে ব্যস্ত হতে দেখেছি। আমাদের কোনো অসুবিধা হচ্ছে কি না এসব নিয়ে তার ছিল বিশেষ মনোযোগ। এসব স্মৃতি ভুলবার নয়।
ইতিহাসে বিপ্লবী শ্রেণিকে নিজেদের নেতৃত্ব তৈরি করেই বিপ্লবী লড়াইকে এগিয়ে নিতে হয়, বিপ্লব সম্পন্ন করতে হয়। কমরেড স্বদেশ ভট্টাচার্য ও তার সময়কার কমরেডরা নানা প্রতিকূলতা মোকাবিলা করে, নানা সীমাবদ্ধতার মধ্যেও ভারতবর্ষে বিপ্লবী শ্রেণি ও গণসংগ্রাম এগিয়ে নিতে কয়েক দশক ধরে নেতৃত্ব দিয়েছেন এবং সংগ্রামের ধারায় নতুন নেতৃত্ব গড়ে ওঠার শক্ত পাটাতন সৃষ্টি করে গেছেন।
আশা করা যায়, এই ভিত্তি থেকেই লিবারেশন পার্টি কমরেড স্বদেশ ভট্টাচার্যকে হারানোর শোককে শক্তিতে পরিণত করবে এবং ভারতবর্ষে বিপ্লবের উপযোগী বিপ্লবী পার্টি, বিপ্লবী নেতৃত্ব ও বিপ্লবী গণতান্ত্রিক সংগ্রাম এগিয়ে নিতে কার্যকর পদক্ষেপ ও কর্মসূচি গ্রহণ করবে।
এই পথেই তেভাগা, তেলেঙ্গানা ও নকশালবাড়ীর বিপ্লবী সংগ্রামের ইতিহাস এবং বিপ্লবী সত্তা আজকের নতুন প্রেক্ষাপটে নতুন দিশা দেখাবে। বিপ্লবীদের কাছে লড়াইয়ের আপাত ব্যর্থতা ও বিপর্যয়ের ইতিহাসও গুরুত্বপূর্ণ। সেজন্য আমাদের ইতিহাস ভুলে যাওয়ার সুযোগ নেই।
"শোষক শ্রেণি তার নিজের আধিপত্য বজায় রাখার জন্য ইতিহাসকে একটি মৃত পাথরে পরিণত করতে চায়; যাতে বর্তমানের লড়াই সেই পাথরের নিচে চাপা পড়ে থাকে।"
---আন্তোনিও গ্রামসি, প্রিজন নোটবুক
কমরেড স্বদেশ ভট্টাচার্যদের লড়াইকে কোনোভাবেই পাথরের নিচে চাপা পড়তে দেওয়া যাবে না। কমরেড স্বদেশ ভট্টাচার্যের বিপ্লবী জীবন ও কর্মের প্রতি আমাদের অপার শ্রদ্ধা। আমরা বিশ্বাস করি, কমরেড স্বদেশ ভট্টাচার্যের পার্টি তাঁর বিপ্লবী উত্তরাধিকারকে ধারণ করবে। একই সঙ্গে আমরা লিবারেশন পার্টির নেতা-কর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।
কমরেড স্বদেশ ভট্টাচার্য বেঁচে থাকবেন ভারতের জনগণের বিপ্লবী শ্রেণিসমূহের আন্দোলন-সংগ্রামের মাঝে।
বিপ্লব ও বিপ্লবীর মৃত্যু নেই।
লাল সালাম, কমরেড স্বদেশ ভট্টাচার্য।
সাইফুল হক
সাধারণ সম্পাদক
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

কালের দাবি ডেস্ক