ঢাকা | বঙ্গাব্দ

দেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়ের বিপক্ষে ৩-১ গোলে এগিয়ে ফ্রান্স

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 26, 2026 ইং
দেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়ের বিপক্ষে ৩-১ গোলে এগিয়ে ফ্রান্স ছবির ক্যাপশন: ওসমান দেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়ের বিপক্ষে দাপুটে প্রথমার্ধ পার করেছে ফ্রান্স।
ad728

ওসমান দেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়ের বিপক্ষে দাপুটে প্রথমার্ধ পার করেছে ফ্রান্স। আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষকে চাপে রেখে বিরতিতে যাওয়ার আগে ৩-১ গোলের ব্যবধানে এগিয়ে যায় ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে ফ্রান্স। প্রথম মিনিটেই কিলিয়ান এমবাপে গোলের সুযোগ তৈরি করেন। ডান প্রান্ত দিয়ে এগিয়ে গিয়ে ডি-বক্সের ভেতর থেকে নেওয়া তার জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসে।

পঞ্চম মিনিটে আবারও গোলের সুযোগ তৈরি করে ফ্রান্স। এবার মালো কুনের দূরপাল্লার শট দুর্দান্তভাবে প্রতিহত করেন নরওয়ের গোলরক্ষক।

তবে সপ্তম মিনিটে আর রক্ষা হয়নি নরওয়ের। এমবাপের পাস থেকে বল পেয়ে ডি-বক্সের ভেতর থেকে জোরালো শটে ফ্রান্সকে প্রথম গোল এনে দেন ওসমান দেম্বেলে।

১৩ মিনিটে মাইকেল ওলিসেও গোলের সুযোগ পেয়েছিলেন, তবে নরওয়ের রক্ষণভাগ তার প্রচেষ্টা প্রতিহত করে। এর এক মিনিট পর ম্যাচে ফেরার বড় সুযোগ পায় নরওয়ে। ওয়েস্টেগার্ডের ক্রস থেকে স্ট্রান্ড লারসেন সহজ সুযোগ পেলেও তার শট গোলবারের ওপর দিয়ে চলে যায়।

২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ফ্রান্স। দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে মাইকেল ওলিসের পাস এমবাপের মাধ্যমে পৌঁছে যায় দেম্বেলের কাছে। ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি।

তবে গোল হজমের পরপরই ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় নরওয়ে। কিক-অফের পর আক্রমণে উঠে শেলডেরাপের পাস থেকে আজগার্ড গোল করে ব্যবধান কমিয়ে আনেন।

কিন্তু ৩২ মিনিটে আবারও জ্বলে ওঠেন দেম্বেলে। ডি-বক্সের বাইরে থেকে নেওয়া আরেকটি নিখুঁত বাঁ পায়ের শটে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। এর মাধ্যমে বিশ্বকাপের মঞ্চে নিজের প্রথম হ্যাটট্রিকের পাশাপাশি ইতিহাসের তৃতীয় ফরাসি ফুটবলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করার কৃতিত্ব অর্জন করেন তিনি।

প্রথমার্ধের শেষদিকে আরও কয়েকটি নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করে ফ্রান্স। ৪২ মিনিটে নরওয়ের গোলরক্ষক সেলভিক দুর্দান্ত সেভ করে দলকে চতুর্থ গোল হজমের হাত থেকে রক্ষা করেন। এরপর ৪৫ মিনিটে এমবাপের পাস থেকে একক সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন জুলস কুন্ডে।

একের পর এক সুযোগ হাতছাড়া না করলে প্রথমার্ধেই বড় ব্যবধানে এগিয়ে যেতে পারত ফ্রান্স। শেষ পর্যন্ত ৩-১ গোলের ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় দিদিয়ের দেশমের শিষ্যরা।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মালয়েশিয়া সফরে ইতিবাচক বার্তা পেল বাংলাদেশ, তবে ঘরোয়া সংস্কা

মালয়েশিয়া সফরে ইতিবাচক বার্তা পেল বাংলাদেশ, তবে ঘরোয়া সংস্কা